কলকাতা চলচ্চিত্র উৎসবের শেষ দিনে ‘সারপ্রাইজ ভিজিট’ মুখ্যমন্ত্রীর, ঘোষণা ‘বাংলাই দেশের সাংস্কৃতিক রাজধানী’

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) সমাপ্তি পর্বে হঠাৎ হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে মঞ্চে এসে তিনি এই উৎসবকে আগামী বছর আরও বৃহত্তর আকার দেওয়ার ঘোষণা করেন। একইসঙ্গে তিনি বলেন, এই চলচ্চিত্র উৎসব জনগণের উৎসব এবং বাংলাই দেশের ‘সাংস্কৃতিক রাজধানী’।
‘আমি সারপ্রাইজ ভিজিট করতে এসেছি’
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার আজকে এখানে আসার কথা ছিল না, আমি সারপ্রাইজ ভিজিট করতে এসেছি। আমার মনে হল যাঁরা পুরস্কার পাচ্ছেন তাঁদের একবার দেখে আসি।” তিনি মঞ্চে উপস্থিত সকলকে এবং আন্তর্জাতিক অতিথিদের ধন্যবাদ জানান এবং বলেন, “আতিথেয়তায় কোনও ত্রুটি রাখি না। তাই আমার মনে হল আমি ব্যক্তিগতভাবে আসি এবং সমস্ত দেশের ডেলিগেটেডদের ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই।”
‘হলিউড-বলিউড বিখ্যাত, বাংলা কালচারাল ক্যাপিটাল’
বাংলাকে দেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবে উল্লেখ করে মুখ্যমন্ত্রী এক বিশেষ বার্তা দেন। তিনি বলেন, “হলিউড বিখ্যাত, বলিউডও বিখ্যাত, কিন্তু বাংলা হল দেশের সাংস্কৃতিক রাজধানী (‘Bengal is the Cultural Capital of India’)। বাংলার সংস্কৃতি হল একতা এবং বৈচিত্র্যতা।” তিনি বিদেশী অতিথিদের অনুরোধ করেন যেন তাঁরা দেশে ফিরে এখানকার আতিথেয়তা ও ভালোবাসার কথা জানান।
আগামী বছর ‘Big Jump’
চলচ্চিত্র উৎসবকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “আমরা আগামী বছর আরও বড় কিছু করব… Big Jump।” তিনি আরও মন্তব্য করেন, “যদি মানবিক ছোঁয়া না থাকে কোনও কাজে, তাহলে শুধু রোবোটিক টাচ দিয়ে কিছু হয় না।” এই উৎসবে ইয়ং ছেলেমেয়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে তিনি বিশেষভাবে আপ্লুত বলে জানান।
এদিনের অনুষ্ঠানে পরিচালক গৌতম ঘোষকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়।