জীবনদায়ী নয়, বিষ হয়ে উঠছে পানীয় জল! মধ্যপ্রদেশে কেন্দ্রীয় রিপোর্টে শিউরে ওঠার মতো তথ্য

মধ্যপ্রদেশের গ্রামাঞ্চলে পানীয় জল এখন জনস্বাস্থ্যের পক্ষে এক নীরব ঘাতক হয়ে দাঁড়িয়েছে। ৪ জানুয়ারি ২০২৬-এ প্রকাশিত ‘জল জীবন মিশন’-এর সাম্প্রতিক রিপোর্টে দেখা গেছে, রাজ্যের গ্রামীণ পানীয় জলের ৩৬.৭ শতাংশই পানের অনুপযুক্ত। সবথেকে ভয়াবহ চিত্র ধরা পড়েছে সরকারি হাসপাতালগুলিতে। সেখানে মাত্র ১২ শতাংশ জল পরীক্ষায় পাশ করেছে, অর্থাৎ ৮৮ শতাংশ হাসপাতালেই রোগীদের অনিরাপদ জল দেওয়া হচ্ছে।
স্কুলগুলিতেও ২৬.৭ শতাংশ জলের নমুনায় ক্ষতিকর ব্যাকটেরিয়া মিলেছে। অনুপপুর ও ডিন্ডোরির মতো জনজাতি অধ্যুষিত জেলাগুলিতে একটি নমুনায়ও নিরাপদ জল পাওয়া যায়নি। সম্প্রতি ইন্দোরে দূষিত জল পান করে ১৮ জনের মৃত্যু এবং ৪২৯ জন অসুস্থ হওয়ার পর পরিস্থিতিকে ‘জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। আদালত জানিয়েছে, পরিষ্কার জল পাওয়া মানুষের মৌলিক অধিকারের লঙ্ঘন। কেন্দ্রীয় সরকার এই অবস্থাকে ‘ব্যবস্থা-জনিত বিপর্যয়’ হিসেবে চিহ্নিত করে রাজ্যের জন্য অর্থ বরাদ্দ কমানোর হুঁশিয়ারিও দিয়েছে।