ভোটের মুখে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর টোপ! বিজেপি বিধায়কের সাম্প্রদায়িক মন্তব্যে উত্তপ্ত বাঁকুড়া

পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম সফল প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। ইন্দাসের এক জনসভা থেকে তিনি দাবি করেন, এই প্রকল্পটি আসলে একটি বিশেষ সম্প্রদায়কে তোষণ করার হাতিয়ার। তাঁর যুক্তি, হিন্দু পরিবারে মহিলা সদস্য কম হওয়ায় তারা ১০০০ টাকা পেলেও, মুসলমান পরিবারগুলোতে একাধিক সদস্য থাকায় তারা মাসে ৩০-৪০ হাজার টাকা পর্যন্ত সুবিধা পাচ্ছে। এই কারণেই তিনি প্রকল্পটিকে ‘মুসলমান ভাণ্ডার’ বলে কটাক্ষ করেন।
বিধায়ক আরও জানান, ভবিষ্যতে বিজেপি ক্ষমতায় এলে এই প্রকল্পের নাম বদলে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ করা হবে। অমরনাথ শাখার এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের দাবি, পরাজয়ের ভয়ে বিজেপি এখন নারীশক্তির অপমান করছে এবং উন্নয়নের প্রকল্পে সাম্প্রদায়িক রং লাগানোর চেষ্টা করছে। আগামী বিধানসভা নির্বাচনে এই মন্তব্য বিজেপির বিরুদ্ধে বড় অস্ত্র হয়ে উঠতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।