ঘুমন্ত স্বামীর মুখে ফুটন্ত তেল ঢেলে দিল স্ত্রী! লঙ্কাগুঁড়ো মিশিয়ে বীভৎস হামলা, চাঞ্চল্য দিল্লিতে

রাতের নিস্তব্ধতা খানখান করে দিল ঘুমন্ত স্বামীর আর্তনাদ! পারিবারিক বিবাদের জেরে চরম নৃশংসতার ঘটনা ঘটল দিল্লির আম্বেদকর থানা এলাকায়। এক ফার্মাসিউটিক্যাল ফার্মের কর্মীর মুখে লঙ্কাগুঁড়ো মেশানো ফুটন্ত তেল ঢেলে দিয়েছেন তাঁর স্ত্রী। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোর ৩টায় বীভৎস হামলা
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম দীনেশ। ২ অক্টোবর রাতে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন তিনি। ভোর ৩টে নাগাদ বিজয়ের স্ত্রী একটি পাত্রে ফুটন্ত তেলের সঙ্গে লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়ে আসেন।

দীনেশ পরে জানান, “আমি ঘুমচ্ছিলাম। আমার স্ত্রী আমার মুখে ওই ফুটন্ত তেল ঢেলে দেয়। যন্ত্রণায় আমি কাতরাতে থাকলে ঠান্ডা গলায় সে বলে, ‘চিৎকার করলে আরও গরম তেল ঢেলে দেব’।” যন্ত্রণা সহ্য করতে না পেরে দীনেশ চিৎকার করে ওঠেন।

প্রতিবেশীদের হস্তক্ষেপে উদ্ধার
দীনেশের চিৎকারে প্রতিবেশীরা জেগে ওঠেন এবং সঙ্গে সঙ্গে তাঁদের বাড়িতে চলে আসেন। দীনেশের বাড়িওয়ালার মেয়ে অঞ্জলি জানান, “চিৎকার শুনেই আমার বাবা দৌড়ে উপরে যান। দীনেশদের বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছিলেন তাঁর স্ত্রী। আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকি।”

ভেতরে গিয়ে তাঁরা দীনেশকে যন্ত্রণায় কাতরাতে দেখেন এবং দেখেন যে তাঁর স্ত্রী ঘরের ভেতরে লুকিয়ে আছেন। অঞ্জলি জানান, নীচে নামার পর অভিযুক্ত স্ত্রী দীনেশকে হাসপাতালে নিয়ে যাওয়ার ভান করলেও অন্য দিকে হাঁটা শুরু করেন। বাবার সন্দেহ হওয়ায় তৎক্ষণাৎ একটি অটো ডেকে দীনেশকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে সফদরজঙ্গ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পুরোনো পারিবারিক বিবাদ
পুলিশ সূত্রে খবর, ৮ বছর আগে দীনেশের বিয়ে হয়। দুই বছর আগে তাঁর স্ত্রী CAW সেলের কাছে অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু উভয় পক্ষের আপসের মাধ্যমে বিষয়টি তখন নিষ্পত্তি করা হয়েছিল। মনে করা হচ্ছে, পুরোনো পারিবারিক বিবাদের জেরেই এই নির্মম হামলা চালানো হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে।