ঘরের ছেলে পরীক্ষা দেবে বিদেশের মাটিতে? নিট পরীক্ষার অ্যাডমিট কার্ড ঘিরে চাঞ্চল্যকর বিতর্ক!

নাগপুরের নিট (NEET UG) পরীক্ষার্থী আবদুল্লাহ মোহাম্মদ তালিবের অ্যাডমিট কার্ডে পরীক্ষার কেন্দ্র হিসেবে আবুধাবির একটি স্কুলের নাম দেখে তোলপাড় শুরু হয়েছে। ২১শে জুন পরীক্ষা হওয়ার কথা থাকলেও, কেন্দ্রের এই অদ্ভুত বরাদ্দে ছাত্রটি মানসিকভাবে ভেঙে পড়ে। তার পরিবার জানায়, তাদের পাসপোর্ট নেই এবং বিদেশে যাওয়ার মতো আর্থিক সামর্থ্যও নেই। এই ঘটনায় রাহুল গান্ধীসহ বিভিন্ন মহলে এনটিএ-র (NTA) তীব্র সমালোচনা শুরু হয়।
যদিও ঘটনার নেপথ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এনটিএ-র দাবি, পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের কারেকশন উইন্ডো খোলা থাকা অবস্থায় প্রার্থীর লগইন আইডি থেকেই দুইবার আবুধাবি শহরটি নির্বাচন করা হয়েছিল। সংস্থার এক্স-হ্যান্ডেলে দেওয়া তথ্যানুযায়ী, ডেভ-অ্যাক্টিভিটি রেকর্ডে দেখা গেছে যে, নির্দিষ্ট লগইন ব্যবহার করেই শহর পরিবর্তনের আবেদনটি করা হয়েছিল।
বিতর্ক বাড়তেই এনটিএ মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি খতিয়ে দেখে। সংস্থার দাবি, প্রশাসনিক জটিলতা যাতে কোনো মেধাবী ছাত্রের ভবিষ্যৎ নষ্ট না করে, তা নিশ্চিত করাই তাদের অগ্রাধিকার। অভিযোগ পাওয়ার পরই তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয় এবং ছাত্রটিকে নাগপুরেই নতুন পরীক্ষা কেন্দ্র বরাদ্দ করা হয়। বর্তমানে ৩.২ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে ৯৯.৫ শতাংশেরও বেশি তাদের পছন্দের কেন্দ্র পেয়েছেন বলে দাবি করেছে সংস্থাটি। পুরো ঘটনায় এনটিএ-র স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠলেও, শেষ পর্যন্ত ছাত্রটি তার নিজ শহরে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে।