গর্ভবতী হয়ে বিয়েতে চাপ! আরজি করের মহিলা চিকিৎসককে খুনের অভিযোগে গ্রেফতার প্রেমিক

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের এক মহিলা জুনিয়র চিকিৎসকের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রেমিকের সঙ্গে দেখা করতে মালদহে এসে এক হোটেলে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে তার মৃত্যু হয়। মৃতের পরিবারের পক্ষ থেকে প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের অভিযোগ, তাদের মেয়েকে কোনো বিষাক্ত ওষুধ খাইয়ে খুন করা হয়েছে। এই অভিযোগে মালদহ থেকে অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

কীভাবে ঘটল এই ঘটনা?

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম অনিন্দিতা সোরেন। তিনি আরজি কর মেডিক্যাল কলেজে এমবিবিএস-এর ছাত্রী ছিলেন এবং তার বাড়ি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম উজ্জ্বল সোরেন, সে মালদহ মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসক এবং তার বাড়ি পুরুলিয়ায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের পরিচয় হয়।

গত সোমবার অনিন্দিতা প্রেমিকের সঙ্গে দেখা করতে মালদহে আসেন এবং দুজনে একটি হোটেলে ওঠেন। সেখানেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে শুক্রবার গভীর রাতে তার মৃত্যু হয়।

গর্ভবতী হয়ে বিয়ের চাপ, তাই কি খুন?

মৃতার পরিবারের অভিযোগ, অনিন্দিতা গর্ভবতী ছিলেন এবং এই কারণে উজ্জ্বলকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। এই নিয়ে তাদের মধ্যে প্রায়ই মনোমালিন্য হতো। পরিবারের দাবি, উজ্জ্বল অনিন্দিতার ওপর মানসিক অত্যাচারও করত। অনিন্দিতার মা বলেছেন, তার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তার প্রেমিকই ষড়যন্ত্র করে তাকে বিষাক্ত কিছু খাইয়ে খুন করেছে। এই অভিযোগের পর উজ্জ্বল পলাতক ছিল, কিন্তু পুলিশ ফোনের লোকেশন ট্র্যাক করে তাকে মালদহ থেকে আটক করে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রবিবার সকালে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ এখন পুরো ঘটনার তদন্ত করছে।