‘নরেন্দ্র মোদী কাউকে ছাড়বেন না!’ ডেবরায় আদিবাসী যুবকের মৃত্যুতে হুঁশিয়ারি শুভেন্দুর

পশ্চিম মেদিনীপুরের ডেবরায় এক আদিবাসী যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। আবগারি বিভাগের হাতে আটক হওয়ার পর ডাক্তার সোরেন নামে ওই যুবকের মৃত্যুর প্রতিবাদে শনিবার পথে নেমে বিক্ষোভ দেখালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্যে বিজেপি সরকার এলে অত্যাচারিত কর্মীদের ‘সংগ্রামী ভাতা’ দেওয়া হবে এবং দোষীদের বিরুদ্ধে ‘সুদে আসলে’ হিসাব নেওয়া হবে।
কীভাবে মৃত্যু হল আদিবাসী যুবকের?
কয়েকদিন আগে চোলাই মদ পাচারের অভিযোগে আবগারি দফতর ডাক্তার সোরেনকে আটক করে। পরিবারের অভিযোগ, আবগারি বিভাগের কর্মীদের মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে। অন্যদিকে, আবগারি দফতরের দাবি, ডাক্তার সোরেন চলন্ত মোটরসাইকেল থেকে ঝাঁপ দেওয়ায় গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়। এই ঘটনায় আদিবাসী সমাজের মানুষজন ডেবরা-খড়গপুর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে পরিবারের পক্ষ থেকে আবগারি দফতরের এক জেলা পুলিশ আধিকারিকসহ সাতজনের বিরুদ্ধে ডেবরা থানায় অভিযোগ দায়ের করা হয়।
শুভেন্দুর কড়া হুঁশিয়ারি
আদিবাসী যুবককে খুনের প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। পুলিশ অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। আদালতের শর্তসাপেক্ষে অনুমতির পর শুভেন্দু অধিকারী প্রায় পাঁচ কিলোমিটার হেঁটে কর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, “আদিবাসী যুবককে যেভাবে রাজ্যের পুলিশ ও আবগারি দফতর পিটিয়ে খুন করেছে, তার সিসিটিভি ফুটেজ আমরা প্রকাশ করেছি।”
তিনি পুলিশের লাঠিচার্জে আহত বিজেপি কর্মীদের ‘সংগ্রামী অভিনন্দন’ জানান এবং বলেন, “বিজেপি সরকার এলে সবকিছুর সুদে আসলে হিসাব হবে।” তিনি আরও বলেন, বিজেপি কর্মীদের ‘সংগ্রামী ভাতা’ দেওয়া হবে। ডেবরা থানার পুলিশ সুপার ধৃতিমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, পুলিশ উচ্চমাধ্যমিক পরীক্ষার অজুহাতে মিছিল বন্ধ করতে চেয়েছিল, কিন্তু হাইকোর্টের অনুমতির কারণে তা সম্ভব হয়নি।
ডেবরার তৃণমূল সহ-সভাপতি শীতেশ ধাড়াকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, “অপেক্ষা করুন… আপনিও এবার যাবেন শীতেশ ধাড়া বাবু। আমরা জানি আপনার কাছে অবৈধ বালির টাকা আছে। আপনি যেখানেই টাকা লুকিয়ে রাখুন না কেন, মোদী হ্যা না খাওয়ুঙ্গা, না খানে দুঙ্গা।” একই সঙ্গে তিনি পুজোর পর জেলা পুলিশ সুপারের অফিসের সামনে আন্দোলনের হুঁশিয়ারিও দেন।