বিশেষ: বড় নাকি মাঝারি সাইজের, জেনেনিন স্বাদে সেরা কোন ইলিশ মাছ?

বর্ষা মানেই বাঙালির পাতে ইলিশের হাতছানি। জামাইষষ্ঠীর পর থেকেই বাজারের থলিতে জায়গা করে নিচ্ছে রুপোলি শস্য। তবে বাজার ভর্তি ইলিশের মধ্যে সেরা মাছটি খুঁজে পাওয়া অনেকের কাছেই চ্যালেঞ্জের। চড়া দামে ইলিশ কিনে ঠকতে না চাইলে, মাছ কেনার আগে নজর দিন কিছু বিশেষ দিকের ওপর।
কীভাবে চিনবেন টাটকা ইলিশ? মাছের বাজারে দাঁড়িয়ে ইলিশ বাছার সময় এই ৫টি বিষয় যাচাই করে নিন:
রং ও উজ্জ্বলতা: টাটকা ইলিশের গা রূপোলি ও উজ্জ্বল হয়। মাছের শরীর অনুজ্জ্বল দেখালে তা পুরনো হওয়ার সম্ভাবনা থাকে।
চোখ ও কানকো: মাছের চোখ স্বচ্ছ ও উজ্জ্বল থাকবে। আর সবচেয়ে বড় প্রমাণ হলো কানকো, যা টাটকা ইলিশের ক্ষেত্রে টকটকে লাল হয়।
স্পর্শ পরীক্ষা: মাছ হাতে নিয়ে গায়ে চাপ দিন। মাছটি যদি শক্ত থাকে এবং দ্রুত আগের অবস্থায় ফিরে আসে, তবে বুঝতে হবে সেটি একদম তাজা।
পেটের গঠন: মাছের পেট অতিরিক্ত নরম হলে বা ধরলে মাথা ও লেজ ঝুলে পড়লে তা বাসি হওয়ার লক্ষণ। সেই মাছ এড়িয়ে চলাই ভালো।
ঘ্রাণ: টাটকা ইলিশের একটি মৃদু ও মনমাতানো গন্ধ থাকে। নাকের কাছে নিলেই এই বিশেষ ‘ইলশে’ গন্ধ পাওয়া যায়। অতিরিক্ত কটু গন্ধ থাকলে সেই মাছ না কেনাই শ্রেয়।
কত ওজনের ইলিশ স্বাদে সেরা? অনেকের মনেই প্রশ্ন থাকে, ছোট নাকি বড়—কোন আকারের ইলিশ বেশি সুস্বাদু? বিশেষজ্ঞদের মতে, ইলিশের আকার যত বড় হয়, তার স্বাদও তত খোলতাই হয়। মাঝারি থেকে বড় আকারের ইলিশ স্বাদে ও গুণমানের দিক থেকে সেরা। তবে যারা নিশ্চিতভাবে সেরা স্বাদের মাছ খেতে চান, তাদের জন্য এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ কেনাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এতে ঠকার সম্ভাবনা থাকে না বললেই চলে।
এখন বাজারে ডিমভরা ইলিশের পাশাপাশি তেলযুক্ত ইলিশেরও বেশ চাহিদা রয়েছে। তাই বিক্রেতার ওপর ভরসা করার পাশাপাশি নিজের চোখকে কাজে লাগিয়ে আজই কিনে আনুন সেরা ইলিশ আর জমে উঠুক দুপুরের ভোজ।