অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেল ইন্ডিগো বিমান! কী এমন ঘটেছিল লখনউ বিমানবন্দরে?

শনিবার উত্তরপ্রদেশের লখনউ বিমানবন্দরে অল্পের জন্য ভয়াবহ বিপদ থেকে রক্ষা পেল ইন্ডিগোর একটি বিমান। যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়ে ধরে ছুটতে থাকলেও বিমানটি আকাশে উড়তে পারছিল না। শেষ মুহূর্তে পাইলটের উপস্থিত বুদ্ধিতে এমার্জেন্সি ব্রেক কষা হয়, যার ফলে প্রাণে বাঁচেন বিমানে থাকা ১৫১ জন যাত্রী। এই বিমানে সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদবও ছিলেন বলে জানা গেছে।

ঠিক কী ঘটেছিল?

শনিবার সকাল ১১টা নাগাদ দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল ইন্ডিগোর এই বিমানটির। নির্ধারিত সময়েই বিমানটি রানওয়েতে চলতে শুরু করে। কিন্তু রানওয়ের শেষ প্রান্তে পৌঁছানোর পরও বিমানটি মাটি থেকে উপরে উঠতে পারছিল না। রানওয়ে ছেড়ে বেরিয়ে যাওয়ার উপক্রম হলে পাইলট দ্রুত সিদ্ধান্ত নেন এবং জোরে ব্রেক কষেন।

এমার্জেন্সি ব্রেক কষার কারণে বিমানটি তীব্র ঝাঁকুনি খেলেও সঙ্গে সঙ্গে থেমে যায়। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও, কোনো হতাহতের খবর নেই। এর পর যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়।

বিমানে ছিলেন ডিম্পল যাদব

জানা গেছে, দুর্ঘটনার সময়ে বিমানে সমাজবাদী পার্টির সাংসদ এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদবও ছিলেন। তার সঙ্গে সমাজবাদী পার্টির আরেক নেতা সূর্য সিংহও উপস্থিত ছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে এবং বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।