খেলা শেষে বাড়ি ফেরা হলো না, ড্রেনে মিলল নগ্ন দেহ, গণরোষে উত্তাল ওড়িশা

ওড়িশার অঙ্গুল জেলায় এক ১০ বছরের শিশুর নগ্ন ও রক্তাক্ত দেহ ড্রেন থেকে উদ্ধার হওয়ায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। শিশুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখে গণধর্ষণ ও খুনের সন্দেহ করছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা।

অঙ্গুলের শ্যামসুন্দরপুর গ্রামের পঞ্চম শ্রেণির ছাত্রীটি শনিবার বিকেলে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা টর্চ নিয়ে রাতভর খোঁজাখুঁজি করেন। অবশেষে নিরুপায় হয়ে পুলিশের কাছে নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়।

গণরোষে অবরুদ্ধ রাস্তা
রবিবার সকালে ড্রেনের মধ্যে শিশুটির রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেহ দেখতে পান গ্রামবাসীরা। তার গলা, মুখ ও কানে এমনভাবে আঘাত করা হয়েছে যে, মুখ দেখে চেনা যাচ্ছিল না। এই পাশবিক ঘটনা দেখে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। দ্রুত তারা শবালভাঙ্গা যাওয়ার রাস্তা অবরোধ করেন। এর ফলে অঙ্গুল-বান্টলা রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। স্থানীয়দের একটাই দাবি, অবিলম্বে দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে।

তদন্তে পুলিশ
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান অঙ্গুল জেলার এসপি রাহুল জৈন। বৈজ্ঞানিক তদন্তকারী দল এবং ডগ স্কোয়াড নিয়ে তিনি ঘটনাস্থল থেকে বিভিন্ন প্রমাণ সংগ্রহ করেন। পুলিশ এই ঘটনায় একটি ‘অস্বাভাবিক মৃত্যু’র মামলা দায়ের করেছে। এসপি গ্রামবাসীদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন যে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে এবং অপরাধীদের কোনোভাবেই রেয়াত করা হবে না।