নিখোঁজ যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, উত্তাল দুর্গাপুর; থানা লক্ষ্য করে ইট, আহত পুলিশ

প্রেমের সম্পর্কের টানাপোড়েনে দুর্গাপুরে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। দুর্গাপুর নিউ টাউনশিপ এলাকার ২৩ বছর বয়সী যুবক ভৈরব ক্ষেত্রপালের ঝুলন্ত দেহ উদ্ধারের পর সোমবার তার পরিবার ও প্রতিবেশীরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিক্ষোভকারীদের ছোঁড়া ইটের আঘাতে এক পুলিশ কর্মকর্তা আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন দিন আগে ভৈরবকে তার প্রেমিকা ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রবিবার সকালে নিজের বাড়ির পেছনের একটি বাগান থেকে ভৈরবের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ভৈরবের পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিবারের দাবি, ওই তরুণী এবং তার পরিবারের সদস্যরা ভৈরবকে খুন করেছে। ভৈরবের দিদি রিমা বার্নওয়ালও একই অভিযোগ করেন।

দেহ উদ্ধারের পর ক্ষুব্ধ জনতা তরুণীর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। সোমবার ময়নাতদন্তের পর ভৈরবের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হলে তারা দেহ নিয়ে নিউ টাউনশিপ থানার সামনে বিক্ষোভ শুরু করেন।

পুলিশের ওপর হামলা
বিক্ষোভ চলাকালীন পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। ইটের আঘাতে সিটি সেন্টার আইসি সুদীপ বিশ্বাস মাথায় আঘাত পান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কমব্যাট ফোর্স নামাতে বাধ্য হয়। ভৈরবের এক আত্মীয় নমিতা ধাঙড় বলেন, ‘ভৈরবকে খুন করা হয়েছে। পুলিশ বলছে আত্মহত্যা। আমরা অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

পুলিশ জানিয়েছে, তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছেন এবং লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে।