‘পুলিশকে রাজনৈতিক অস্ত্র’, অভিষেককে TMC বিধায়কের মন্তব্যের অভিযোগ, তোপ সুকান্তের

তৃণমূল কংগ্রেস (TMC) পুলিশ-প্রশাসনকে ব্যবহার করে বিরোধীদের ওপর নিয়ন্ত্রণ কায়েম করতে চাইছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। তাঁর দাবি, তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় একটি ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই পরামর্শ দিয়েছেন।
খানাকুলে পুলিশকে আরও তৎপর করার আর্জি
বৃহস্পতিবার ‘এক্স’ বার্তায় সুকান্ত মজুমদার লেখেন, হুগলির খানাকুল অঞ্চলে যেহেতু তৃণমূল কংগ্রেসের হাত থেকে বেশ কিছু গ্রাম পঞ্চায়েত বেরিয়ে গেছে, তাই সেগুলো জোর করে পুনরুদ্ধার করতে পুলিশ-প্রশাসনকে আরও বেশি তৎপর করার জন্য রামেন্দু সিংহ রায় আর্জি জানিয়েছেন।
সুকান্ত মজুমদারের কথায়, “এখানেই স্পষ্ট, কিভাবে রাজনৈতিকভাবে পরাজিত হয়েও জোর করে ক্ষমতা কুক্ষিগত করতে পুলিশকে ‘রাজনৈতিক অস্ত্র’ হিসেবে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস এবং ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।”
‘বৃহত্তর চক্রান্তে’র অভিযোগ
বিজেপি সভাপতির অভিযোগ, যে অঞ্চলগুলিতে শাসকদলের নূন্যতম জনসমর্থন নেই, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সেই অঞ্চলগুলিতেই পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে বিরোধীদের ওপর দমন-পীড়ন চালিয়ে গায়ের জোরে ক্ষমতা দখলের পরিকল্পনা করা হয়েছে। সুকান্তের দাবি, এই ঘটনা সেই বৃহত্তর চক্রান্তেরই একটি উদাহরণ।
‘ছাব্বিশে বিসর্জন নিশ্চিত’
এই ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পুলিশকে সরাসরি হুঁশিয়ারি দেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর অপদার্থ মেরুদণ্ডহীন পুলিশ প্রস্তুত থাকুন, এই কায়দায় গ্রামগঞ্জে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে এলে স্থানীয় মানুষ পুলিশ এবং তৃণমূল উভয়কেই উপযুক্ত ধোলাই দিয়ে গণতন্ত্রকে পাপমুক্ত করবে। আস্ফালন গর্জন যতই করুন, ছাব্বিশে তৃণমূলের পাপের সাম্রাজ্যের বিসর্জন নিশ্চিত।”