“এটি প্রথম প্রমাণ!” দ্রুতগতির গাড়ির ধাক্কায় মৃত্যু? বাঁকুড়া-জয়রামবাটি রোডে লেপার্ডের দেহ উদ্ধারে চরম চাঞ্চল্য

বাঁকুড়ার বাঁকাদহ জয়রামবাটি সড়কের পাশ থেকে একটি পূর্ণবয়স্ক পুরুষ লেপার্ডের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে। বাঁকুড়ার জঙ্গলে লেপার্ডের উপস্থিতি এই প্রথম প্রমাণিত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

বিষ্ণুপুর বনবিভাগের বাঁকাদহ রেঞ্জের উপরশোল বিটের পচাডহরা এলাকায় রাস্তার ধারে লেপার্ডটির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বন দফতরে খবর দেন। বন দফতর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগে পাঠায়।

লেপার্ডটির শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক অনুমান, কোনও দ্রুতগামী গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে। বন দফতর নিশ্চিত হয়েছে যে বাঁকুড়ার জঙ্গলেও লেপার্ডের উপস্থিতি রয়েছে। যেহেতু মৃত লেপার্ডটি পূর্ণবয়স্ক পুরুষ, তাই তার সঙ্গিনী আশপাশের জঙ্গলে থাকতে পারে, এই আশঙ্কায় রাতেই শুরু হয় তল্লাশি।

এই সম্ভাবনা মাথায় রেখে এলিফ্যান্ট স্কোয়াডের ১৫ জন সদস্যকে নিয়ে জঙ্গলে তল্লাশি শুরু করা হয়। সূত্রের খবর, বনকর্মীরা জঙ্গলের গভীরে লেপার্ডের একাধিক পায়ের ছাপও পেয়েছেন। এর আগে পুরুলিয়ার জঙ্গলে লেপার্ডের উপস্থিতি প্রমাণিত হয়েছিল। বাঁকাদহ রেঞ্জের বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন ধরেই হাতির আনাগোনা ও তাণ্ডবে স্থানীয়রা আতঙ্কিত। এবার লেপার্ডের মৃতদেহ উদ্ধারে তাদের উদ্বেগ আরও বাড়ল। মানুষের নিরাপত্তা এবং অন্য লেপার্ডের সন্ধানে বন দফতরের তৎপরতা জারি রয়েছে।