ইলেকট্রিক স্কুটারের বাজারে ঝড় তুলল বাজাজ চেতক! বিক্রি বাড়ল ৩০৭ শতাংশ

একসময়ের অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় স্কুটার বাজাজ চেতক (Bajaj Chetak) মাঝের কয়েক বছর বাজার থেকে প্রায় হারিয়েই গিয়েছিল। তবে ইলেকট্রিক অবতারে কামব্যাক করার পর সেই পুরনো চেতকই যেন নতুন করে ঝড় তুলেছে ভারতীয় বাজারে। সাম্প্রতিক বিক্রির পরিসংখ্যান অন্তত তেমনই জোরালো ইঙ্গিত দিচ্ছে। সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, মাত্র এক বছরের ব্যবধানে বাজাজ চেতকের বিক্রি বেড়েছে অবিশ্বাস্যভাবে—প্রায় ৩০৭ শতাংশ!

জুলাই ২০২৬-এর তথ্য অনুযায়ী, আলোচ্য মাসে ৪৭,১৮৪টি চেতক বিক্রি হয়েছে, যেখানে গত বছরের একই মাসে এই সংখ্যাটা ছিল মাত্র ১১,৫৮৪টি। শুধু বার্ষিক তুলনাই নয়, আগের মাস জুনের (৪০,৩৭৬ ইউনিট) তুলনায় জুলাই মাসে বিক্রি বেড়েছে প্রায় ১৭ শতাংশ। সামগ্রিকভাবে জুলাই মাসে বাজাজ অটো বিশ্বজুড়ে ১,৬৫,৭৪৭টি টু-হুইলার ডিসপ্যাচ করেছে, যার মধ্যে চেতকের এই ধামাকা পারফরম্যান্স বাজার বিশেষজ্ঞদেরও নজর কেড়েছে।

গ্রাহকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে চেতকের নতুন সি-সিরিজ (C Series)। এই সিরিজে C25, C30 এবং C35—এই তিন ধরনের মডেল রয়েছে। সংস্থার দাবি অনুযায়ী, C 35 সিরিজের স্কুটারগুলি এক চার্জে ১৫৩ কিলোমিটার পর্যন্ত দারুণ রেঞ্জ দিতে সক্ষম। এতে রয়েছে ৩.৫ kWh-এর শক্তিশালী ব্যাটারি।

খরচের কথা বলতে গেলে, বাড়িতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১০ টাকা ধরলে ৩.৫ ইউনিট চার্জ করতে আনুমানিক ৩৫ টাকা খরচ হতে পারে। অর্থাৎ, মাত্র ৩৫ টাকার বিদ্যুতেই ১৫৩ কিলোমিটার পথ পাড়ি দেওয়া সম্ভব—এমনটাই হিসাব কষছেন ক্রেতারা। তবে চার্জিংয়ের দক্ষতা এবং অঞ্চলের ওপর ভিত্তি করে এই খরচে সামান্য তারতম্য হতে পারে।

যাঁদের বেশি দূর যাতায়াতের প্রয়োজন, তাঁদের জন্য যেমন রয়েছে ৩.৫ kWh ব্যাটারির C35 সিরিজ, তেমনই কম বাজেটে চলাফেরার জন্য রয়েছে C25 বা C30 সিরিজের মডেলগুলি। নতুন এই সিরিজে ব্যাটারির ক্ষমতার পাশাপাশি যুক্ত করা হয়েছে গুগল ম্যাপস, হিল হোল্ড অ্যাসিস্ট, বিভিন্ন রাইডিং মোড এবং ৩৫ লিটার পর্যন্ত প্রশস্ত আন্ডার-সিট স্টোরেজের মতো আধুনিক সব ফিচার। মাত্র ৩ ঘণ্টাতেই ৮০ শতাংশ চার্জ হওয়ার সুবিধা থাকায় শহুরে যাতায়াতে চেতক এখন এক নম্বর পছন্দ হয়ে উঠছে।