আর লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই! এবার কি এটিএম কার্ড দিয়েই তোলা যাবে পিএফ-এর টাকা?

কর্মচারী ভবিষ্যৎ নিধি সংগঠন বা EPFO তাদের পরিষেবায় এক বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে। ‘ইপিএফও ৩.০’ (EPFO 3.0) প্রকল্পের অধীনে এখন পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার প্রক্রিয়াকে আরও সহজ ও ডিজিটাল করার প্রস্তুতি চলছে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই কর্মচারীরা সাধারণ ডেবিট কার্ড বা এটিএম কার্ড ব্যবহার করেই তাঁদের ইপিএফ অ্যাকাউন্টের জমা টাকা তুলতে পারবেন। কিন্তু এই খবর প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষের মনে দানা বেঁধেছে নানা প্রশ্ন ও আশঙ্কা। বিশেষ করে যারা অবসরের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন, তাঁদের সবথেকে বড় চিন্তা—এভাবে টাকা তুললে পেনশনের ওপর কোনো কোপ পড়বে না তো?

আসলে, ইপিএফ (EPF) এবং ইপিএস (EPS) হলো দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। কর্মচারীদের বেতনের একটা অংশ যেমন প্রভিডেন্ট ফান্ডে (EPF) জমা হয়, তেমনই একটি নির্দিষ্ট অংশ জমা হয় এমপ্লয়িজ পেনশন স্কিমে (EPS)। সরকারের নতুন নিয়মে এটিএম কার্ডের মাধ্যমে টাকা তোলার যে সুবিধার কথা বলা হচ্ছে, তা শুধুমাত্র আপনার ইপিএফ অ্যাকাউন্টের সঞ্চিত অর্থের ক্ষেত্রে প্রযোজ্য। ইপিএস বা পেনশনের টাকার সাথে এর কোনো সরাসরি সম্পর্ক নেই।

নিয়ম অনুযায়ী, একজন কর্মচারী তাঁর ইপিএফ ব্যালেন্সের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত অগ্রিম হিসেবে তুলতে পারেন। সম্পূর্ণ টাকা তোলার অনুমতি দেওয়া হয় না, যাতে অবসরের পর কর্মীর হাতে একটি নির্দিষ্ট পরিমাণ পুঁজি অবশিষ্ট থাকে। বিশেষজ্ঞদের মতে, আপনি যদি আপনার ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলেন, তবে আপনার ভবিষ্যৎ পেনশনের ওপর তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। পেনশনের যোগ্যতা নির্ধারিত হয় আপনার চাকরির মেয়াদের ওপর, জমানো টাকার পরিমাণের ওপর নয়। যদি আপনার নিরবচ্ছিন্ন চাকরির মেয়াদ ১০ বছর পূর্ণ হয়, তবেই আপনি পেনশনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

অনেকের মনে ভুল ধারণা রয়েছে যে, পিএফ-এর টাকা তুললে হয়তো পেনশনের টাকা কমে যাবে। কিন্তু বাস্তুবিক ক্ষেত্রে, ৫০ বছর বয়সে পৌঁছেও যদি কেউ পিএফ থেকে টাকা তোলেন, তবুও তাঁর পেনশন সুরক্ষিত থাকে। পেনশন পাওয়ার ক্ষেত্রে মূল শর্ত হলো চাকরির মেয়াদ এবং বয়স। চাকরি ছাড়ার পর পেনশনের টাকা তুলতে গেলে সাধারণত নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয় অথবা ৫৫ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয়। তাই ইপিএফও ৩.০ চালু হলে টাকা তোলার পথ প্রশস্ত হবে ঠিকই, কিন্তু আপনার কষ্টের উপার্জিত পেনশন থাকবে সম্পূর্ণ সুরক্ষিত।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy