ক্রিকেট বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ দেখার আশা কি তবে চিরতরে শেষ? আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদীর সাম্প্রতিক মন্তব্য অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। একটি পডকাস্টে অংশ নিয়ে ললিত মোদী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ভারত ও পাকিস্তানের রাজনৈতিক তিক্ততা এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) অন্দরে চলা নোংরা রাজনীতির কারণে অদূর ভবিষ্যতে দুই দেশের মধ্যে সিরিজ হওয়ার কোনও সম্ভাবনাই নেই।
পিসিবি-র স্বাধীনতা নিয়ে প্রশ্ন:
ললিত মোদী বলেন, “পাকিস্তান ক্রিকেট বোর্ড রাজনৈতিকভাবে এতটাই প্রভাবিত যে তারা স্বাধীন কোনও সিদ্ধান্ত নিতে পারে না। পাকিস্তান সরকার যেভাবে কলকাঠি নাড়ে, তাতে পিসিবি-র পক্ষে ক্রিকেটের স্বার্থে পদক্ষেপ করা অসম্ভব।” মোদী মনে করিয়ে দেন যে, তিনিই প্রথম পাক ক্রিকেটারদের আইপিএলে নিয়ে এসেছিলেন, আবার ২৬/১১ হামলার পর তিনিই তাঁদের নিষিদ্ধ করতে বাধ্য হয়েছিলেন। বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, “পরিস্থিতি ভালো হওয়ার বদলে আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি পাক ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো শঙ্কিত।”
বিসিবি ও বৈভব সূর্যবংশী প্রসঙ্গে মন্তব্য:
পাকিস্তান প্রসঙ্গ ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (BCB) কড়া ভাষায় আক্রমণ করেছেন ললিত। তাঁর মতে, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না এসে বিসিবি মস্ত বড় ভুল করেছে এবং এর মাসুল তাদের ভবিষ্যতে গুনতে হবে। অন্যদিকে, ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা বৈভব সূর্যবংশীকে নিয়েও জল্পনা তুঙ্গে। আইপিএলে নজর কাড়া এই ব্যাটার শীঘ্রই ভারতীয় সিনিয়র দলে অভিষেক করতে পারেন বলে খবর। বিশেষজ্ঞমহলে আলোচনা চললেও বৈভবের অভিষেক নিয়ে ভিন্নমত পোষণ করেছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের মতো প্রাক্তন তারকারা।





