অল্প পুঁজিতে বাম্পার লাভ, মাত্র ৩-৪ লক্ষ টাকায় জিম সেন্টার খুলে উপার্জনের নতুন রাস্তা

বর্তমান সময়ে উপযোগী ব্যবসার মধ্যে জিম প্রতিষ্ঠান খুলে ভালো লাভ পাচ্ছেন উদ্যোগীরা। একসময় আধুনিক জীবনযাপন বা শহুরে যুবক-যুবতীদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও, এখন গ্রাম ও মফস্বলের মানুষের মধ্যেও শরীরচর্চা ও জিম অনুশীলনের দারুণ আগ্রহ দেখা দিয়েছে। এই প্রবণতা উদ্যোগীদের জন্য নতুন উপার্জনের রাস্তা খুলে দিয়েছে।

গ্রামে বাড়ছে জিম অনুশীলনের ঝোঁক

বিশেষজ্ঞরা বলছেন, ১২ বছর থেকে ৭০ বছর বয়সী মানুষ এখন শরীর সুস্থ রাখতে জিমমুখী হচ্ছেন। খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এর বাইরে নন। এই প্রবণতা শুধুমাত্র শহরাঞ্চলে নয়, বর্তমানে গ্রাম ও মফস্বলেও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফলস্বরূপ, গ্রামেও এর ভালো বাজার তৈরি হয়েছে। অভিজ্ঞ ট্রেনার ও জিম ডেভলপার তোফিক লস্কর জানিয়েছেন, অল্প পুঁজিতে ব্যবসা শুরু করে সফলতা পেতে উদ্যোগীরা এই পথে সহজেই এগোতে পারেন।

কম বিনিয়োগে ভালো আয়

একসময় জিম ব্যবসা শুরু করতে বড় অঙ্কের পুঁজি লাগলেও, বর্তমান দিনে তা আর বাধ্যতামূলক নয়। তোফিক লস্কর জানাচ্ছেন, মাত্র ৩ থেকে ৪ লক্ষ টাকায় জিম সেট তৈরি করা যেতে পারে। এই অল্প বিনিয়োগে যে কেউ উদ্যোগী হয়ে মাস গেলে ভালো উপার্জন পেতে পারেন।

বর্তমানে গ্রামে ও শহরে ক্লাব, বিভিন্ন প্রতিষ্ঠান এমনকি স্কুলগুলিতেও জিম গড়ে উঠছে। আবার অনেকে ব্যক্তিগতভাবে নিজের বাড়িতেও জিম ঘর তৈরি করছেন। এই ক্রমবর্ধমান আগ্রহই প্রমাণ করে যে, উদ্যোগী ও ব্যবসায়ীদের জন্য জিম প্রতিষ্ঠান এখন অল্প বিনিয়োগে সফলতা পাওয়ার মোক্ষম সময়।