নয়ডার রাজপথে শ্রমিক বিক্ষোভের আগুন জ্বলতে না জ্বলতেই নজিরবিহীন তৎপরতা দেখাল উত্তরপ্রদেশের যোগী সরকার। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শ্রমিকদের দীর্ঘদিনের দাবি মেনে নূন্যতম মজুরি এক লাফে ৩,০০০ টাকা পর্যন্ত বাড়ানোর বড় সিদ্ধান্ত ঘোষণা করা হলো। ১ এপ্রিল থেকেই এই নতুন বেতন কাঠামো কার্যকর হবে বলে জানানো হয়েছে।
রাতভর বৈঠক ও ঐতিহাসিক সিদ্ধান্ত: সোমবার নয়ডার ফেজ-২ এলাকায় শ্রমিক বিক্ষোভ কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর এবং রাস্তা অবরোধের জেরে স্তব্ধ হয়ে গিয়েছিল দিল্লি-নয়ডা সংযোগকারী পথ। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তড়িঘড়ি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন। সোমবার মাঝরাতে নয়ডা অথরিটি অফিসে ম্যারাথন বৈঠকের পর এই বেতন বৃদ্ধির সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়।
এক নজরে সংশোধিত বেতন কাঠামো: গৌতম বুদ্ধ নগর (নয়ডা) এবং গাজিয়াবাদের জন্য নতুন মজুরি তালিকা প্রকাশ করেছেন জেলা ম্যাজিস্ট্রেট মেধা রূপম:
অদক্ষ শ্রমিক: মাসিক ১১,৩১৩ টাকার বদলে এখন পাবেন ১৩,৬৯০ টাকা।
আধা-দক্ষ শ্রমিক: বেতন বেড়ে দাঁড়াল ১৫,০৫৯ টাকা।
দক্ষ শ্রমিক: প্রতি মাসে পাবেন ১৬,৮৬৮ টাকা।
অন্যান্য পুরসভা এবং জেলাগুলির জন্যও মজুরি আনুপাতিক হারে বাড়ানো হয়েছে, যা সর্বনিম্ন ১২,৩৫৬ টাকা থেকে শুরু হচ্ছে। তবে প্রশাসন জানিয়েছে, এটি একটি অন্তর্বর্তী সিদ্ধান্ত। পরবর্তীতে ‘ওয়েজ বোর্ড’-এর মাধ্যমে স্থায়ী সমাধানের পথে হাঁটবে সরকার।
বিক্ষোভে কি ‘পাক যোগ’? বেতন বৃদ্ধির আনন্দের মাঝেই দানা বাঁধছে গভীর রহস্য। নয়ডার ৮০টি জায়গায় একযোগে অশান্তি এবং পরিকল্পিত ভাঙচুরের নেপথ্যে পাকিস্তানের উস্কানি থাকতে পারে বলে সন্দেহ করছে প্রশাসনের একাংশ। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, সোশ্যাল মিডিয়া ও স্থানীয় কিছু লিঙ্কে পাক যোগের প্রমাণ মিলছে, যা নিয়ে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।
একদিকে বেতন বৃদ্ধি করে শ্রমিকদের ক্ষোভ প্রশমন, অন্যদিকে নাশকতার ছক উপড়ে ফেলতে কঠোর অবস্থান— যোগী আদিত্যনাথের এই ‘দ্বিমুখী’ চাল এখন জাতীয় রাজনীতির হট টপিক।





