বিড়াল শুধু বন্ধু নয়, সুস্থ জীবন ও সৌভাগ্যের প্রতীক!

বিড়াল একাধারে বন্ধুসুলভ এবং রহস্যময় এক প্রাণী। অনেকেই বিড়াল পছন্দ করেন না, কিন্তু জানেন কি, যারা বিড়াল পোষেন, তারা শারীরিকভাবে অন্যদের তুলনায় অনেক বেশি সুস্থ থাকেন? বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বিড়াল পুষলে শুধু রোগের ঝুঁকিই কমে না, বরং মানসিক স্বাস্থ্যও ভালো থাকে। এমনকি শিশুদের জন্যও পোষা বিড়াল ইতিবাচক প্রভাব ফেলে।
ঘরে বিড়াল থাকলে যেসব উপকার:
মানসিক চাপ হ্রাস: গবেষণায় দেখা গেছে, বিড়াল পুষলে মানসিক চাপ উল্লেখযোগ্যভাবে কমে। এর ফলে হৃদরোগের ঝুঁকিও হ্রাস পায়। একটি গবেষণায় তো আরও দাবি করা হয়েছে যে, যারা বিড়াল পোষেন, তাদের হৃদরোগের ঝুঁকি অন্যদের তুলনায় ৩০ শতাংশ কম।
রাগ নিয়ন্ত্রণ: বিড়ালের সঙ্গে সময় কাটালে মানুষের দেহে প্রশান্তিদায়ক ও আরামদায়ক রাসায়নিক পদার্থের নিঃসরণ বৃদ্ধি পায়। এটি রাগ, উদ্বেগ ও মানসিক চাপ নিয়ন্ত্রণে দারুণ সহায়ক।
বিড়ালের ডাকে থেরাপি: বিড়ালের ‘মিউ মিউ’ ডাক বিশ্বের সবচেয়ে সুন্দর ধ্বনিগুলোর একটি। আশ্চর্যজনকভাবে, এই ডাক শরীরের পেশি ও অস্থির প্রদাহ নিরাময়ে থেরাপির মতো কাজ করে। গবেষণায় দেখা গেছে, বিড়াল ২০-১৪০ হার্জ (Hz) শব্দ উৎপাদন করে, যা অস্থিসন্ধি ও পেশীর চিকিৎসায় থেরাপির ভূমিকা পালন করতে পারে।
অ্যালার্জি প্রতিরোধ: ২০০২ সালের ন্যাশনাল হেলথ ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা গেছে, এক বছরের কম বয়সী যেসব শিশু বিড়ালের সংস্পর্শে আসে, তাদের বিভিন্ন ধরনের অ্যালার্জি হওয়ার সম্ভাবনা কম থাকে।
ঘুমে সহায়ক: গবেষণা বলছে, বিড়ালের উপস্থিতি ঘুমের মান উন্নত করে। মায়োক্লিনিক সেন্টার ফর স্লিপ মেডিসিনের পরামর্শ অনুযায়ী, ভালো ঘুমের জন্য বিড়ালকে আপনার ঘুমের সঙ্গী হিসেবে রাখতে পারেন।
নারীর আকর্ষণ: বিড়াল গবেষক ড. জুন ম্যাক নিকোলাসের গবেষণা অনুসারে, যেসব পুরুষ বিড়াল পোষেন, নারীরা তাদের প্রতি বেশি আকৃষ্ট হন। এটি সামাজিক যোগাযোগের ক্ষেত্রে একটি ইতিবাচক দিক।
কম খাবার ও ইঁদুর তাড়ানো: ২০০৮ সালের এক গবেষণা অনুসারে, কুকুরের তুলনায় বিড়াল অনেক কম খাবার খায়। এছাড়াও, ঘর থেকে ইঁদুর তাড়াতে বিড়াল দারুণ কার্যকর।
যত্নশীল হতে শেখায়: যারা বিড়াল পোষেন, তারা সাধারণত স্মার্ট হয়ে থাকেন। কারণ তারা নিজেদের ব্যস্ততার মধ্যেও বিড়ালের যত্ন নেন। এভাবে তারা নিজেদের প্রতিও আরও যত্নশীল হয়ে উঠতে শেখেন।
অশুভ শক্তি দূর: বিশ্বের বিভিন্ন দেশে এমন বিশ্বাস প্রচলিত আছে যে, বিড়াল ঘরে থাকলে অশুভ শক্তি বা আত্মা সেখানে প্রবেশ করতে পারে না। রাশিয়ার গ্রামাঞ্চলে এই বিশ্বাসটি এখনও বেশ প্রচলিত।