রাম মন্দিরে নৈবেদ্য চুরি নিয়ে তোলপাড়! ‘এটা সাধারণ চুরি নয়, বড় ডাকাতি’, বিজেপিকে নিশানা এসপির

২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে অযোধ্যার রাম মন্দিরে নৈবেদ্য চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের রাজনীতি এখন উত্তপ্ত। সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদ এই ঘটনাকে সাধারণ চুরি নয়, বরং ‘বড় ডাকাতি’ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, কোটি কোটি ভক্তের বিশ্বাসের জায়গা এই মন্দিরে লুঠপাট অত্যন্ত গুরুতর বিষয় এবং এর দায় এড়াতে পারে না বিজেপি।
এই প্রসঙ্গে সপা প্রধান অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অযোধ্যা সফর নিয়েও প্রশ্ন তুলেছেন। অখিলেশের দাবি, এসআইটি-র রিপোর্টে সিসিটিভি ফুটেজ বিকৃতির প্রমাণ মিলেছে। তিনি কটাক্ষ করে বলেন, “এতবার অযোধ্যা সফরে গিয়েও মুখ্যমন্ত্রী কেন মন্দিরের ভিতরের নিরাপত্তা নিয়ে অবগত ছিলেন না?” অখিলেশের অভিযোগ, অযোধ্যার তথাকথিত উন্নয়ন সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে সম্পূর্ণ ব্যর্থ।
অন্যদিকে, রাজ্য সরকার বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে। উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানিয়েছেন, অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলে। ইতিমধ্যেই অভিযুক্ত আটজনকেই গ্রেপ্তার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় এবং ট্রাস্টি ডঃ অনিল মিশ্র তাঁদের পদ থেকে পদত্যাগ করেছেন। মন্দিরের মতো পবিত্র স্থানে এমন অঘটন এবং পরবর্তীতে উচ্চপদস্থ আধিকারিকদের পদত্যাগ—পুরো বিষয়টিই এখন রাজ্য রাজনীতিতে বড়সড়ো ইস্যু হয়ে দাঁড়িয়েছে।