গ্রিন টি বা সবুজ চায়ের উপকারিতা এখন আর অজানা নয়। প্রাকৃতিক পানীয়ের মধ্যে এটি সবচেয়ে জনপ্রিয় ও স্বাস্থ্যসম্মত। স্বাস্থ্য ও ওজন নিয়ে সচেতন প্রায় প্রতিটি মানুষের খাদ্যতালিকায় গ্রিন টি একটি অপরিহার্য উপাদান। প্রতিদিন সকালে এক কাপ গ্রিন টি পান করলে বিভিন্ন শারীরিক অসুস্থতাকে দূরে রাখা সম্ভব। তবে এর সবচেয়ে বড় আকর্ষণ হলো, ওজন কমাতে এর কার্যকারিতা। প্রতিদিন দুই কাপ গ্রিন টি পান ওজন কমানোর জন্য বিশেষভাবে উপকারী।
সঠিক খাদ্যাভ্যাস এবং শরীরচর্চার পরেও যখন কাঙ্ক্ষিত ওজন কমানো সম্ভব হয় না, তখন গ্রিন টি এক বুস্টার হিসেবে কাজ করে। বাড়তি ওজন কমানো ও সঠিক ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য এটি দারুণ সহায়ক।
গ্রিন টি কীভাবে ওজন কমাতে সাহায্য করে?
১. ফ্যাট বার্ন ও এনার্জিতে রূপান্তর: গ্রিন টি পানের ফলে ফ্যাট কোষসমূহের মোবিলিটি বৃদ্ধি পায়। এই ফ্যাট তখন বার্ন হয়ে এনার্জিতে পরিণত হয়, যা ফ্যাট জমে থাকার প্রবণতা কমায়। গ্রিন টি-তে থাকা EGCG (এপিগ্যালোক্যাটেচিন গ্যালেট) নামক অ্যান্টি-অক্সিডেন্ট নরপাইনফ্রাইন (Norepinephrine) হরমোন বৃদ্ধি করে। এই হরমোন ফ্যাট কোষ থেকে ফ্যাটকে ভেঙে ফেলতে সাহায্য করে।
২. মেটাবলিজম বৃদ্ধি: শরীরের মেটাবলিজমের মাত্রা বৃদ্ধিতে গ্রিন টি দারুণ অবদান রাখে। মেটাবলিজমের মাত্রা যত বেশি হবে, ওজন তত দ্রুত কমবে। কম মেটাবলিজমের কারণে ওজন কমতে তুলনামূলকভাবে বেশি সময় লাগে।
৩. ক্যালরি গ্রহণ নিয়ন্ত্রণ: গ্রিন টি আপনাকে বাড়তি ক্যালরি গ্রহণ করা থেকে বিরত রাখে। এটি স্বাস্থ্যকর ভাবেই ক্ষুধাভাব ও খাবার খাওয়ার চাহিদা কমিয়ে দেয়। নিয়মিত গ্রিন টি পান করলে নির্দিষ্ট সময় পরপর ক্ষুধাভাব দেখা দেবে, ফলে জাঙ্ক ফুড কম খাওয়া হয়। এক কথায়, গ্রিন টি পরোক্ষভাবে আপনার খাওয়ার অভ্যাসকে নিয়ন্ত্রণে নিয়ে আসে।
প্রতিদিন কতটুকু গ্রিন টি পান করা উচিত?
ওজন কমানোর জন্য প্রতিদিন চিনি ছাড়া ৩-৪ কাপ গ্রিন টি পান ওজন কমানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। গ্রিন টি পানের ফলে মেটাবলিজম বৃদ্ধি মূলক উপাদান যেমন: ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম ও জিঙ্ক শরীরে প্রবেশ করে।
তবে মনে রাখতে হবে, শুধু গ্রিন টি পান ওজন কমানোর জন্য যথেষ্ট নয়। এর সঙ্গে সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চার অভ্যাসও গড়ে তুলতে হবে।
গ্রিন টি পানের ক্ষেত্রে কিছু জরুরি তথ্য:
ক্যাফেইন সংবেদনশীলতা: ক্যাফেইন পানে সমস্যা থাকলে অথবা আপনার যদি ইনসমনিয়ার (অনিদ্রা) সমস্যা থাকে, তবে প্রতিদিন ৩ কাপের বেশি গ্রিন টি পান করা উচিত হবে না।
গর্ভবতী নারী: অন্তঃসত্ত্বা অথবা গর্ভধারণের চেষ্টায় থাকলে প্রতিদিন ১ কাপ গ্রিন টি পান করতে হবে। প্রয়োজনে গ্রিন টি পান সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে হবে।
স্বাস্থ্যগত সতর্কতা: কিডনিজনিত সমস্যা, লিভারের সমস্যা ও গ্লুকোমার সমস্যা থাকলে গ্রিন টি পান করা যাবে না। এই ধরনের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি।





