রণবীরের ‘অস্বাভাবিক’ ডিমান্ডে মাথায় হাত নির্মাতাদের! ১০০ কেজি বরফ থেকে অশালীন ভাষা—কেন ভেস্তে গেল ডন ৩?

বলিউডের ‘পাওয়ার হাউস’ রণবীর সিং কি নিজের স্টারডম নিয়ে একটু বেশিই খুঁতখুঁতে? ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি ফারহান আখতারের মেগাপ্রজেক্ট ‘ডন ৩’ থেকে রণবীরের সরে দাঁড়ানো বা প্রজেক্টটি ঘিরে তৈরি হওয়া জটিলতার নেপথ্যে উঠে আসছে অভিনেতার একগুচ্ছ আজব শর্তের তালিকা। রিপোর্ট অনুযায়ী, রণবীরের এই দাবির তালিকায় রয়েছে ৭টি ভ্যানিটি ভ্যান, প্রতিদিন ১০০ কেজি বরফের জোগান, নিজস্ব বিশেষ সহকারী এবং এমনকি অ্যাকশন দৃশ্যে তাঁর ব্যক্তিগত টিমের পূর্ণ নিয়ন্ত্রণ। ফিল্মমেকারদের অনেকেই একে রণবীরের স্টারডমের ‘ট্যাক্স’ হিসেবে দেখলেও, সমস্যা দানা বেঁধেছে সৃজনশীল মতপার্থক্য নিয়ে।

আসল বিতর্কের সূত্রপাত হয় ‘ডন ৩’-এর চিত্রনাট্য নিয়ে। ‘ফ্রি প্রেস জার্নাল’-এর একটি রিপোর্ট বলছে, রণবীর চেয়েছিলেন তাঁর অভিনীত ডন চরিত্রটি পর্দায় বেশ কিছু কড়া বা অশালীন ভাষা ব্যবহার করুক। কিন্তু এখানেই আপত্তি তোলেন পরিচালক ফারহান আখতার। মনে রাখা দরকার, ১৯৭৮ সালে অমিতাভ বচ্চন এবং পরবর্তীতে ২০০৬ ও ২০১১ সালে শাহরুখ খান ‘ডন’ চরিত্রটিকে অত্যন্ত স্টাইলিশ এবং রুচিশীল আন্ডারওয়ার্ল্ড ডন হিসেবে ফুটিয়ে তুলেছিলেন। তাঁদের মুখে কখনওই কুরুচিকর সংলাপ শোনা যায়নি। রণবীর এই আইকনিক চরিত্রটিকে বর্তমান সময়ের ‘ভায়োলেন্ট ও র’ (Violent and Raw) ট্রেন্ডের সঙ্গে মেলাতে চেয়েছিলেন, যা ফারহানের পছন্দ ছিল না।

ফারহান আখতার বরাবরই নিজের সিদ্ধান্তে অনড়। তিনি চেয়েছিলেন ‘ডন’-এর সেই ধ্রুপদী আভিজাত্য বজায় রাখতে। কোনো রকম ‘ক্রিয়েটিভ প্রেশার’ বা সৃজনশীল চাপের মুখে নতিস্বীকার করতে রাজি ছিলেন না পরিচালক। সূত্রের খবর, এই মতপার্থক্য এতটাই চরমে পৌঁছায় যে রণবীর সিং ছবিটির জন্য নেওয়া প্রায় ১০ কোটি টাকার সাইনিং অ্যামাউন্ট ফেরত দিয়ে দেন। যদিও দু’পক্ষের মধ্যে কোনো প্রকাশ্য কাদা ছোড়াছুড়ি হয়নি, তবে প্রজেক্টটি যে গভীর অনিশ্চয়তায়, তা স্পষ্ট।

সম্প্রতি ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ফারহান আখতার বলেন, “আমি সবসময় অপ্রত্যাশিত জিনিসের জন্য প্রস্তুত থাকি। যতক্ষণ না ক্যামেরা রোল হচ্ছে, ততক্ষণ কিছুই নিশ্চিত নয়।” যদিও তিনি সরাসরি রণবীর বা ‘ডন ৩’-এর নাম নেননি, তবে নেটিজেনদের মতে এই মন্তব্য রণবীরের সঙ্গে চলা শীতল লড়াইয়েরই ইঙ্গিত। এখন দেখার, ডন-এর জুতোয় শেষ পর্যন্ত কাকে পা গলাতে দেখা যায়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy