‘দিদি’ বলে সম্বোধন, তারপরই কুরুচিকর চ্যাট! যৌন হেনস্থার বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর!

ছোটপর্দার অত্যন্ত চেনা মুখ তথা ‘জোয়ার ভাঁটা’ সিরিয়ালের পরিচিত অভিনেত্রী চাঁদনি সাহা বর্তমানে চরম মানসিক অশান্তির মধ্য দিয়ে যাচ্ছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে তিনি গুরুতর অভিযোগ এনেছেন যে, তিনি সাইবার হেনস্থা ও যৌন হয়রানির শিকার হয়েছেন। এই ঘটনার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ ও বিচারের দাবি জানিয়ে তিনি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং অভিনেতা-রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষকে চিঠি লিখে সাহায্যের আর্জি জানিয়েছেন।

ঠিক কী ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে?

সোশ্যাল মিডিয়ার পোস্টে চাঁদনি বিস্তারিতভাবে তুলে ধরেছেন তাঁর সঙ্গে ঘটা এই অপ্রীতিকর ঘটনা। তিনি জানান, ‘ঋক চক্রবর্তী’ নামে এক ব্যক্তি, যিনি মূলত যাত্রা পালার জন্য শিল্পীদের সমন্বয় বা কোঅর্ডিনেশনের কাজ করেন, একটি নতুন যাত্রা প্রজেক্টে কাজের প্রস্তাব নিয়ে গত কয়েক মাস ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করছিলেন। কিন্তু নিজের ব্যস্ততার কারণে চাঁদনি সেই কাজটিতে করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন।

অভিনেত্রীর কথায়, এতদিন ধরে ওই ব্যক্তি কথা বলার সময় অত্যন্ত মার্জিত ও ভদ্র আচরণ করতেন এবং তাঁকে ‘দিদি’ বলে সম্বোধন করতেন। কিন্তু কাজ না করার কথা বলতেই তাঁর আসল রূপ বেরিয়ে আসে। সম্প্রতি ওই ব্যক্তি চাঁদনির ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে অত্যন্ত অশালীন, নগ্ন ছবি এবং বেশ কিছু হুমকিমূলক ভয়েস নোট পাঠান।

প্রমাণ সুরক্ষিত রাখতে নিলেন বিচক্ষণ পদক্ষেপ

এই কুরুচিকর মেসেজ পাঠানোর পরপরই অভিযুক্ত ব্যক্তি অভিনেত্রীকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দেন। এমনকি চ্যাটে ‘Disappearing Messages’ অপশনটিও চালু করা ছিল। তবে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে চাঁদনি তৎক্ষণাৎ সেই অপশন বন্ধ করে দেন, যাতে হেনস্থার সমস্ত প্রমাণ ও ডিজিটাল তথ্য সুরক্ষিত থাকে।

অগ্নিমিত্রা পাল ও রুদ্রনীল ঘোষের কাছে ন্যায়বিচারের আর্জি

ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত ও ক্ষুব্ধ অভিনেত্রী দুই বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল ও রুদ্রনীল ঘোষের কাছে চিঠি লিখে নিজের নিরাপত্তা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। চাঁদনির স্পষ্ট বার্তা, কাজের ক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে আর কোনো জেনেই যেন এমন ধরনের নোংরা হেনস্থা ও মানসিক যন্ত্রণার শিকার না হন। একজন কর্মরতা নারীর নিরাপত্তা নিয়ে এই চাঞ্চল্যকর ঘটনায় ইতিমধ্যেই টেলিপাড়ায় শোরগোল পড়ে গেছে।