‘থ্রি নেশনস, ওয়ান হার্টবিট’! ১৪ তম ওয়ান ডে বিশ্বকাপের মেগা ফরম্যাট ও ভেন্যু নিয়ে বড় আপডেট!

ক্রিকেটপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়ে গিয়েছে ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের (2027 ICC Men’s Cricket World Cup) দিন গোনা। দীর্ঘ ২৪ বছর পর ফের একবার আফ্রিকা মহাদেশের মাটিতে বসতে চলেছে ক্রিকেট বিশ্বকাপের আসর। এর আগে শেষবার ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও কেনিয়া যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করেছিল। সেবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল ফাইনালে পৌঁছে দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দিয়েছিল। ২০২৭ সালের এই মেগা টুর্নামেন্ট যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়া। আইসিসি (ICC)-র ঘোষণা অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৪ অক্টোবর থেকে শুরু হয়ে এই বিশ্বকাপ চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

টুর্নামেন্টের থিম ও নতুন ফরম্যাট

২০২৭ সালের এই বিশ্বকাপের অফিসিয়াল থিম রাখা হয়েছে— ‘থ্রি নেশনস, ওয়ান হার্টবিট’ অর্থাৎ তিন দেশ, এক হৃদস্পন্দন। এটি হতে চলেছে পুরুষদের ১৪তম ওয়ান ডে বিশ্বকাপ। এবারের টুর্নামেন্টে মোট ৫৭টি ম্যাচ খেলা হবে। প্রতিযোগিতা আরও রোমাঞ্চকর ও কঠিন করে তুলতে ৩টি আলাদা স্টেজের একটি নতুন ফরম্যাট আনা হয়েছে, যা ক্রিকেট ভক্তদের জন্য অত্যন্ত উপভোগ্য হবে বলে আশা করা হচ্ছে।

কোন কোন ভেন্যুতে হবে ম্যাচগুলি?

জোহানেসবার্গে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর ভেন্যুগুলির তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। টুর্নামেন্টের জন্য দক্ষিণ আফ্রিকার ৮টি, জিম্বাবোয়ের ৩টি এবং নামিবিয়ার রাজধানী উইন্ডহোকের ১টি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম বেছে নেওয়া হয়েছে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে জোহানেসবার্গের ঐতিহাসিক DP World Wanderers Stadium-এ।

দক্ষিণ আফ্রিকার ভেন্যুগুলির তালিকা:

  • ডিপি ওয়ার্ল্ড ওয়ান্ডারার্স স্টেডিয়াম (জোহানেসবার্গ)

  • সুপারস্পোর্ট পার্ক (সেঞ্চুরিয়ন, টশওয়ানে)

  • নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড (কেপ টাউন)

  • কিংসমিড ক্রিকেট গ্রাউন্ড (ডারবান)

  • সেন্ট জর্জেস ওভাল (গকেবেরহা)

  • মাঙ্গাউং ওভাল (ব্লুমফন্টেইন)

  • বোল্যান্ড পার্ক (পার্ল)

জিম্বাবোয়ে ও নামিবিয়ার ভেন্যুগুলি:

  • হারারে স্পোর্টস ক্লাব (হারারে, জিম্বাবুয়ে)

  • কুইন্স স্পোর্টস ক্লাব (বুলাওয়েও, জিম্বাবুয়ে)

  • ফালে মোসি-ওয়া-তুন্যা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (ভিক্টোরিয়া ফলস, জিম্বাবুয়ে)

  • নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড (উইন্ডহোক, নামিবিয়া)

আইসিসি প্রধানের বক্তব্য

আইসিসি-র চেয়ারম্যান জয় শাহ এই প্রসঙ্গে জানান, “আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর পথে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। ২৪ বছর পর এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট আবার আফ্রিকার মাটিতে ফিরছে, যা ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আমাদের বিশ্বাস, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়া একসঙ্গে এমন একটি বিশ্বকাপ আয়োজন করবে, যা ক্রিকেটপ্রেমীদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।”