জেন জি ব্রিগেডের হাতেই কি ভারতের মেডেল ভাগ্য? জাপান গেমসে চমক দেখাতে প্রস্তুত তরুণ অ্যাথলেটরা!

কমলওয়েলথ গেমস ২০২৬-এর সফল সমাপ্তির পরই এখন ক্রীড়াপ্রেমীদের নজর চলে গেছে আসন্ন এশিয়ান গেমসের দিকে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে জাপানে শুরু হতে চলা এই মহাযজ্ঞ চলবে ৪ অক্টোবর পর্যন্ত। এবারের এশিয়ান গেমসে মোট ৪৩টি ক্রীড়া ইভেন্টে ৪৬৯টি মেডেলের জন্য লড়াই হবে। কমনওয়েলথ গেমসে ভারতীয় খেলোয়াড়দের দুর্দান্ত সাফল্যের পর এবার এশিয়ান গেমসে দেশের ঝুলিতে আরও বেশি পদক আসার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই সাফল্যের সবচেয়ে বড় চালিকাশক্তি হতে চলেছে দেশের তরুণ প্রজন্মের অ্যাথলেটরা, যাঁদের জেন জি (Gen Z) প্রজন্ম হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
মূলত ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নেওয়া খেলোয়াড়রাই ‘জেন জি’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত। ভারতীয় ক্রীড়া মহলে এখন এই তরুণ তুর্কিদেরই জয়জয়কার। কমনওয়েলথ গেমসে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার পর এবার তাঁরা জাপানের মাটিতে এশিয়ান গেমসেও দেশের নাম উজ্জ্বল করতে পুরোপুরি প্রস্তুত। এই তালিকায় বক্সিং থেকে শুরু করে জুডো—নানা বিভাগে একাধিক প্রতিভাবান তরুণ মুখ রয়েছে। বক্সিং রিংয়ে দেশের নাম উজ্জ্বল করতে প্রস্তুত সাক্ষী চৌধুরী, প্রীতি পাওয়ার, সচিন, অরুন্ধতী চৌধুরী, জ্ঞানেশ্বরী যাদব এবং জেসমিনের মতো উদীয়মান তারকারা। পাশাপাশি জুডো বিভাগে অস্মিতা দে এবং হর্ষ সিংহের মতো প্রতিভারাও ভারতের মেডেল জয়ের বড় বাজি হতে চলেছেন।
এই তরুণ দলটির পাশাপাশি এমন কিছু জেন জি খেলোয়াড়ও রয়েছেন, যাঁরা নির্দিষ্ট ক্রীড়া ইভেন্ট না থাকায় কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারেননি, তবে এশিয়ান গেমসে তাঁরা দেশের হয়ে বড় সাফল্য এনে দিতে পারেন। এই তালিকায় সবার উপরে রয়েছে ভারতের ১৬ বছর বয়সী তারকা স্কোয়াশ খেলোয়াড় অনাহত সিংয়ের নাম। তিনি ইতিমধ্যেই এশিয়ান গেমসে দেশের জন্য সোনা জয়ের হুংকার দিয়ে রেখেছেন। এর আগে গত এশিয়ান গেমসে ভারত সর্বকালের সেরা প্রদর্শন করে মোট ১০৬টি পদক জিতেছিল, যার মধ্যে ২৮টি সোনা, ৩৮টি রুপো এবং ৪০টি ব্রোঞ্জ পদক ছিল। ক্রীড়া বিশেষজ্ঞদের বিশ্বাস, দেশের এই জেন জি শক্তির ভরসায় ভারত এবার অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ১০৬টি পদকের গণ্ডি সহজেই ছাড়িয়ে যাবে।