মাত্র ১৫ দিনে শুটিং! বলিউডের সেই কাল্ট সাসপেন্স থ্রিলার, যাতে নেই একটিও গান

রাম গোপাল ভার্মা মানেই এক অনন্য ঘরানার সিনেমা—যা গল্প বলার ধরনে এবং সাসপেন্সে দর্শকদের চমকে দিতে ওস্তাদ। ‘সত্য’, ‘কোম্পানি’ কিংবা ‘সরকার’-এর মতো ছবির স্রষ্টা তিনি। তবে আজ কথা বলব তাঁর এমন একটি সিনেমার কথা, যা নির্মাণের গল্প শুনলে অবাক হতে হয়। মাত্র ১৫ দিনে শুটিং, মাত্র তিনজন অভিনেতা এবং গানহীন একটি চিত্রনাট্য—এই সীমাবদ্ধতাগুলোকেই হাতিয়ার করে বলিউডে রীতিমতো ইতিহাস গড়েছিল ১৯৯৯ সালের কাল্ট ক্লাসিক ‘কৌন’।

মাত্র ১৫ দিনের ম্যাজিক
‘কৌন’ সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন অনুরাগ কাশ্যপ এবং পরিচালনা করেছিলেন রাম গোপাল ভার্মা। সেই সময়ের বাণিজ্যিক ধারার সিনেমার ভিড়ে ‘কৌন’ ছিল একেবারে আলাদা। গানহীন এই সিনেমাটি মুক্তির পর দর্শকদের এতটাই আলোড়িত করেছিল যে, আজও এটিকে বলিউডের অন্যতম সেরা মনস্তাত্ত্বিক সাসপেন্স-থ্রিলার হিসেবে গণ্য করা হয়। ছবির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন উর্মিলা মাতোন্ডকর, মনোজ বাজপেয়ী এবং সুশান্ত সিং। মজার ব্যাপার হলো, পুরো ছবিতে এই তিনজন ছাড়া আর কাউকে দেখা যায়নি।

রহস্যে ঘেরা চিত্রনাট্য
১৯৯৯ সালের ২৬ ফেব্রুয়ারি মুক্তিপ্রাপ্ত এই ছবিটি ১৯৬৫ সালের হলিউড সিনেমা ‘সাইনপোস্ট টু মার্ডার’-এর আদলে নির্মিত হলেও, ভারতীয় দর্শকদের জন্য একে সম্পূর্ণ নতুন ধাঁচে উপস্থাপন করা হয়েছিল। সিনেমার প্রতিটি দৃশ্যে এমন কিছু অমীমাংসিত রহস্য ছিল, যা দর্শককে শেষ মুহূর্ত পর্যন্ত রহস্যের গোলকধাঁধায় আটকে রাখে। যেমন, ছবিতে বিড়ালটিকে কে মেরেছিল? এই রহস্যের কোনো স্পষ্ট উত্তর শেষ পর্যন্ত পাওয়া যায়নি, যা ছবিটিকে আরও বেশি কৌতুহলপূর্ণ করে তুলেছিল।

গল্পের প্রেক্ষাপট
বৃষ্টিভেজা এক রাতে এক বাড়িতে একা থাকা তরুণীকে কেন্দ্র করেই এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে। বাড়িতে এক অপরিচিত ব্যক্তির আগমন এবং এরপরের টানটান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি—পুরো বিষয়টিকে অসাধারণ নৈপুণ্যে পর্দায় তুলে ধরা হয়েছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয়, পুরো সিনেমায় উর্মিলা মাতোন্ডকরের চরিত্রটি ছিল নামহীন; সবাই তাকে শুধু ‘ম্যাডাম’ বলে সম্বোধন করত।

বক্স অফিসে সাফল্য
প্রতিবেদন অনুযায়ী, মাত্র ২.৫ কোটি টাকা বাজেটে নির্মিত এই সিনেমাটি বক্স অফিসে প্রায় ৭ কোটি টাকা আয় করে। বাজেটের চেয়ে দ্বিগুণেরও বেশি আয় করে ছবিটি ‘সুপারহিট’-এর তকমা পায়। মুক্তির প্রায় ২৭ বছর পরেও ‘কৌন’ তার টানটান উত্তেজনা আর অনন্য উপস্থাপনার কারণে আজও সিনেপ্রেমীদের কাছে সমান জনপ্রিয়। যারা রহস্য গল্পের ভক্ত, তাদের কাছে এই সিনেমা আজও এক অপ্রতিদ্বন্দ্বী মাস্টারপিস।