নদিয়ার শান্তিপুর থানা এলাকায় সাতসকালে এক মর্মান্তিক ঘটনায় পুকুরের জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো এক শিশুর। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তার ছোট ভাই। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে শান্তিপুরের পাঁচ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন পাড়া লেনে।
জানা যায়, মৃত শিশুর নাম শুভজিৎ রায় (৫), এবং তার তিন বছর বয়সী ছোট ভাই শুভম রায়। পরিবার সূত্রে খবর, শুভজিৎ স্বভাবত চঞ্চল হওয়ায় তাদের মা সব সময় দুই সন্তানের উপর কড়া নজর রাখতেন, অনেক সময় বাড়িতে আটকে রাখতেন। কিন্তু হঠাৎই সাতসকালে মায়ের নজর এড়িয়ে দুই ভাই বাড়ি থেকে বেরিয়ে পড়ে।
ঘণ্টাখানেক পরেও বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এরপরই প্রতিবেশীদের কাছ থেকে খবর আসে, দুই ভাই স্থানীয় একটি পুকুরে জলে তলিয়ে গিয়েছে। প্রতিবেশীরাই তড়িঘড়ি দুই শিশুকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা বড় ভাই শুভজিৎ রায়কে মৃত ঘোষণা করেন। ছোট ভাই শুভম রায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। হঠাৎ এত সকালে কেনই বা ওই দুই শিশু পুকুরে স্নান করতে নেমেছিল, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে— তার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় শান্তিপুরের বাঘাযতীন পাড়া লেনে শোকের ছায়া নেমে এসেছে।





