৫ দিন ধরে বাতিল হচ্ছে হাওড়া-ব্যান্ডেল-কাটোয়া শাখার এই লোকাল ট্রেনগুলি, জেনে নিন বিস্তারিত

পুজোর আগে নিত্যযাত্রীদের জন্য দুঃসংবাদ। রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী রবিবার থেকে টানা ৫ দিন হাওড়া-ব্যান্ডেল-কাটোয়া শাখায় ট্রেন পরিষেবা বিঘ্নিত হতে চলেছে। এই সময়ের মধ্যে একাধিক লোকাল ট্রেন বাতিল এবং কিছু ট্রেনের সময় নিয়ন্ত্রণ করা হবে। পূর্ব রেলওয়ের পক্ষ থেকে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
রেল সূত্রে খবর, ১৪ সেপ্টেম্বর (রবিবার) থেকে ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত প্রতিদিন ৩ ঘণ্টার জন্য এই রুটের ধাত্রীগ্রাম এবং অম্বিকা কালনা স্টেশনের মধ্যে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ হবে। এর ফলে ট্রেন চলাচলের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে।
বাতিল: ১৪ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ৩৭৭৪৯ নম্বরের ব্যান্ডেল লোকাল এবং ৩৭৭৪৮ নম্বরের কাটোয়া লোকাল ট্রেনটি বাতিল করা হয়েছে।
নিয়ন্ত্রিত: একই সময়ে, ৩৭৯২৪ নম্বরের কাটোয়া-হাওড়া লোকাল ট্রেনটি কাটোয়া ও ধাত্রীগ্রামের মধ্যে ১৫ মিনিটের জন্য নিয়ন্ত্রিত হবে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, স্পেশাল ট্রেন, পার্সেল ট্রেন বা অন্য কোনো নতুন ট্রেন এই সময়ে চললে সেগুলোকেও যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হবে। যাত্রীদের কাছে অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেম অনুসরণ করে তথ্য জেনে নেন।
যেহেতু এই রুটে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন, তাই এই ৫ দিনের জন্য ট্রেন বাতিল হওয়ায় পুজোর কেনাকাটা এবং দৈনন্দিন যাতায়াতে বড় সমস্যা তৈরি হতে পারে।