হিঙ্গলগঞ্জ সীমান্তে রাতভর বিএসএফের নাকা চেকিং, স্নিপার ডগ নিয়ে চলছে তল্লাশি, কেন এমন কঠোর পদক্ষেপ?

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের সীমান্তবর্তী এলাকায় রাতভর বিশেষ নাকা চেকিং চালাল বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)। বিএসএফের ৭৭ নম্বর ব্যাটালিয়নের বলতলা ক্যাম্পের জওয়ানরা স্নিপার ডগ নিয়ে গুরুত্বপূর্ণ মোড় এবং রাস্তায় গাড়ি থামিয়ে তল্লাশি চালায়। শুধু গাড়ি নয়, পথচারীদেরও জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রত্যেকের আধার কার্ড পরীক্ষা করে দেখা হয়।

বিএসএফের তরফে জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, চোরাচালান এবং মাদক পাচারের ঘটনা দিন দিন বাড়ছে। এই অপরাধমূলক কার্যকলাপ রুখতেই রাতভর এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বিএসএফের এই উদ্যোগে আশ্বস্ত। তাদের মতে, দীর্ঘদিন ধরেই সীমান্ত পেরিয়ে অসামাজিক উপাদানরা এপারে প্রবেশ করে নানা অপরাধমূলক কাজ করছে, যা স্থানীয়দের নিরাপত্তাকে বিঘ্নিত করছে।

সূত্রের খবর অনুযায়ী, এই নাকা চেকিং আরও জোরদার করা হবে এবং আগামী কয়েকদিন তা চলবে। বিশেষত রাতের অন্ধকারে যাতে কোনো বেআইনি কাজ না ঘটে, সেদিকেই কড়া নজরদারি রাখা হচ্ছে। বিএসএফের এক আধিকারিক জানিয়েছেন, সুন্দরবনের মতো সীমান্ত এলাকায়, যেখানে বেড়া নেই, সেখানে অনুপ্রবেশ ও পাচারের ঘটনা বেশি ঘটে। সেই কারণেই পরিচয়পত্র পরীক্ষা এবং স্নিপার ডগের সাহায্যে নজরদারি আরও বাড়ানো হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা জানান, প্রত্যেকের আধার কার্ড পরীক্ষা হওয়ায় এখন বোঝা যাচ্ছে, কে এলাকার ভোটার আর কে বাইরের লোক। এতে যেমন এলাকার নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, তেমনি আসন্ন নির্বাচনের আগে এর গুরুত্বও অনেক।