১৫ বছর বয়সেই জাতীয় দলের দোরগোড়ায় বৈভব! শচীনের রেকর্ড ভাঙার হাতছানি বনাম ফিঞ্চের ‘সতর্ক’ বার্তা

বয়স মাত্র ১৫, কিন্তু বাইশ গজে বৈভব সূর্যবংশীর দাপট এখন ভারতীয় ক্রিকেটের টক অফ দ্য টাউন। আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের পর এবার জল্পনা শুরু হয়েছে জাতীয় দলে তাঁর অন্তর্ভুক্তি নিয়ে। সূত্রের খবর, আসন্ন আয়ারল্যান্ড সিরিজ কিংবা এশিয়ান গেমসে ভারতের সিনিয়র দলের জার্সিতে দেখা যেতে পারে এই বিস্ময় বালককে। আর যদি এমনটা হয়, তবে কিংবদন্তি শচীন তেন্ডুলকারের সবথেকে কম বয়সে অভিষেকের রেকর্ড ধুলোয় মিশিয়ে দেবেন বৈভব।

তবে বৈভবের এই দ্রুত উত্তরণ নিয়ে ক্রিকেট মহলে দ্বিমত রয়েছে। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ একটি ভারসাম্যপূর্ণ মত পোষণ করেছেন। ফিঞ্চের মতে, বৈভবকে সুযোগ দেওয়ার এটাই সঠিক সময় হলেও বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। তিনি বলেন, “বৈভবের শেখার ক্ষমতা অসাধারণ, যা এই বয়সে সচরাচর দেখা যায় না। তবে মনে রাখতে হবে, ভারত সদ্য বিশ্বকাপ জিতেছে। তাই যারা দেশেক সেরার শিরোপা এনে দিয়েছেন, তাঁদের সম্মান বজায় রেখে তবেই নতুন কাউকে জায়গা দেওয়া উচিত।”

ফিঞ্চ আরও সতর্ক করে দিয়েছেন যে, জাতীয় দলে খেলার চাপ অনেক সময় প্রতিভার বিকাশকে বাধা দেয়। তাঁর সাফ কথা, “ছেলেটাকে আপাতত শুধু খেলতে দিন। ওর ওপর এখনই পাহাড়প্রমাণ প্রত্যাশার চাপ সৃষ্টি করা ঠিক হবে না। নির্বাচন পদ্ধতিতে স্বচ্ছতা থাকা প্রয়োজন যাতে সিনিয়ারদের অসম্মান না হয়।” অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের ফাইনালে শতরান করা বৈভব কি পারবেন জাতীয় দলের চাপ সামলে শচীনের রেকর্ড নিজের নামে করতে? উত্তর পেতে এখন নির্বাচকদের দিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy