হায়দরাবাদ ম্যাচেও কি ফিরছেন ধোনি? কোটি কোটি ভক্তের অপেক্ষার অবসান ঘটিয়ে বড় আপডেট দিল সিএসকে!

আইপিএল ২০২৬-এর উত্তাপের মাঝে এখন একটাই প্রশ্ন— মহেন্দ্র সিং ধোনি ফিরছেন কবে? শনিবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে যখন সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস, তখন গ্যালারি জুড়ে শুধু ‘থালা’র ফেরার প্রার্থনা। কিন্তু শেষ মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী, হায়দরাবাদ ম্যাচে ধোনিকে দেখা যাওয়ার সম্ভাবনা কার্যত নেই।

অনুশীলনে বিধ্বংসী, তবুও কেন বিরতি?
সিএসকে-র সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, নেটে সেই চেনা মেজাজেই হেলিকপ্টার শট হাঁকাচ্ছেন মাহি। তাঁর ব্যাটিং দেখে ফিটনেস নিয়ে কোনও সংশয় থাকার কথা নয়। তবুও টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, ধোনি এখনও পুরোপুরি ম্যাচ-ফিট নন। পায়ের পেশির চোট (Calf Injury) থেকে সেরে উঠলেও তাঁকে নিয়ে কোনও তাড়াহুড়ো বা ঝুঁকি নিতে চাইছে না চেন্নাই কর্তৃপক্ষ।

কবে হবে মাহেন্দ্রক্ষণ?
ধোনি ভক্তদের জন্য সুখবর হলো, তাঁর রিহ্যাব প্রক্রিয়া অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে। সূত্রের দাবি, আগামী ২৩ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফিরতে পারেন মাহি। যদি সেখানে সম্ভব না হয়, তবে ২৬ এপ্রিল ঘরের মাঠ চিপকে গুজরাত টাইটানসের বিরুদ্ধে তাঁকে উইকেটের পেছনে দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

আইপিএল শুরুর ঠিক আগে প্র্যাকটিস সেশনে চোট পাওয়ায় প্রথম কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। সিএসকে কর্তাদের মতে, মরশুমের লম্বা লড়াইয়ে ধোনিকে ফিট রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই আজ হায়দরাবাদের বিরুদ্ধে ধোনিকে ছাড়াই জয়ের ধারা বজায় রাখতে লড়াই করবে রুতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy