ক্রিকেট বিশ্বে এখন একটাই নাম—বৈভব সূর্যবংশী। আইপিএল ২০২৬-এর মঞ্চে রাজস্থান রয়্যালসের এই ১৫ বছর বয়সী কিশোর যা করে দেখাচ্ছে, তা দেখে চোখ কপালে উঠেছে তাবড় তাবড় ক্রিকেট বিশেষজ্ঞদের। বিধ্বংসী ব্যাটিংয়ে একের পর এক বাঘা বোলারদের নাস্তানাবুদ করছেন এই তরুণ তুর্কি। এবার বৈভবের প্রশংসায় পঞ্চমুখ হলেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী। তিনি সরাসরি দাবি করেছেন, বৈভবই হতে চলেছেন ভারতীয় ক্রিকেটের আগামী দিনের মুখ।
সম্প্রতি মাইকেল ভনের একটি পডকাস্টে ললিত মোদী জানান, বৈভবের ব্যাটিং দেখে তিনি প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি। মোদী বলেন, “এই ছোট্ট ছেলেটির আত্মবিশ্বাস দেখুন! যখন প্রথমবার ওকে মারতে দেখলাম, মনে হলো আমি স্বপ্ন দেখছি। আমি তো গুগলে সার্চ করতে শুরু করলাম যে এই খবরটা সত্যি নাকি কেউ গল্প বানাচ্ছে। এরপর যখন সত্যিটা বুঝলাম, বুঝলাম এই ছেলেটি বাকি সবাইকে পেছনে ফেলে দিয়েছে।” ললিত মোদীর মতে, সূর্যবংশীর মধ্যে এক বিরল প্রতিভা রয়েছে যা ভবিষ্যতের ভারতীয় ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যাবে।
চলতি মরসুমে রাজস্থান রয়্যালসের হয়ে ৫ ম্যাচে ২০০ রান করে ফেলেছেন বৈভব। তাঁর গড় ৪০ হলেও সবচেয়ে চমকপ্রদ হলো ২৬৩.১৫-র স্ট্রাইক রেট! বর্তমানে অরেঞ্জ ক্যাপের দৌড়ে বিরাট কোহলির মতো মহাতারকাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন তিনি। ললিত মোদী পরামর্শ দিয়েছেন, এই প্রতিভাকে যেন সঠিকভাবে পরিচালনা করা হয়। তাঁর কথায়, “আইপিএল অনেক দানব তৈরি করে, কিন্তু বৈভবের মতো অসাধারণ হীরা খুব কমই পাওয়া যায়। আমাদের লক্ষ্য রাখতে হবে ও যেন খেলাতেই মনোনিবেশ করে।”





