আইপিএল মানেই টানটান উত্তেজনা, আর মাঠের ভেতরের লড়াই ছাপিয়ে মাঝেমধ্যেই শিরোনামে উঠে আসে মাঠের বাইরের সমীকরণ। বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লখনউ সুপার জায়ান্টস। ম্যাচে আরসিবি-র দাপুটে জয়ের পর গ্যালারি থেকে সোজা মাঠে নেমে এলেন লখনউ মালিক সঞ্জীব গোয়েঙ্কা। সামনে তখন ভারতীয় ক্রিকেটের আইকন বিরাট কোহলি। অতীতে প্লেয়ার বা ক্যাপ্টেনের ওপর গোয়েঙ্কার মেজাজ হারানোর ছবি ভাইরাল হলেও, কোহলির সামনে দেখা গেল এক সম্পূর্ণ ভিন্ন ‘বস’কে।
ঘরের মাঠে লখনউকে কার্যত উড়িয়ে দিল বেঙ্গালুরু। প্রথমে ব্যাটিং করতে নেমে লখনউ মাত্র ১৪৬ রানেই গুটিয়ে যায়। মিচেল মার্শ (৪০) ও মুকুল চৌধুরী (৩৯) লড়াই করার চেষ্টা করলেও ভুবনেশ্বর কুমার (৩ উইকেট) ও রশিক সালামের (৪ উইকেট) বোলিং দাপটে বড় রান তুলতে ব্যর্থ হয় তারা। জবাবে ব্যাট করতে নেমে ৪৯ রানের এক ঝকঝকে ইনিংস খেলেন বিরাট কোহলি। ২৯ বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় আরসিবি। বর্তমানে অরেঞ্জ ক্যাপের দৌড়ে সবার ওপরে থাকা বিরাটের এই ইনিংসই জয়ের ভিত গড়ে দেয়।
ম্যাচ শেষে যখন আরসিবি জয় উদযাপন করছে, তখনই মাঠে দেখা হয় সঞ্জীব গোয়েঙ্কা ও বিরাট কোহলির। সাধারণত দল হারলে গোয়েঙ্কাকে গম্ভীর বা রাগত মেজাজে দেখা যায়, কিন্তু এদিন বিরাটের সঙ্গে দীর্ঘক্ষণ হাসিঠাট্টা ও খোশমেজাজে কথা বলতে দেখা গেল তাঁকে। সোশ্যল মিডিয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই ছবি ও ভিডিও। নেটিজেনরা বলছেন, ক্রিকেটের প্রতি আবেগ যখন দু’জনেরই তুঙ্গে, তখন মাঠের হার-জিত যেন ফিকে হয়ে যায় এই সৌজন্যের কাছে।





