ব্যাডমিন্টন দুনিয়ায় নক্ষত্রপতন! মাত্র ৩২ বছরেই চোখের জলে অবসর নিলেন কিংবদন্তি ভিক্টর অ্যাক্সেলসেন

ব্যাডমিন্টনের এক সোনালি অধ্যায়ের অবসান ঘটল। মাত্র ৩২ বছর বয়সে পেশাদার ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা দিলেন ড্যানিশ কিংবদন্তি ভিক্টর অ্যাক্সেলসেন। দীর্ঘদিনের পিঠের চোট আর শরীর সায় না দেওয়ায় বাধ্য হয়েই কোর্টকে বিদায় জানালেন টানা দু’বারের অলিম্পিক স্বর্ণপদক জয়ী এই শাটলার। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।

বিদায়বেলায় আবেগপ্রবণ কিংবদন্তি
অ্যাক্সেলসেন তাঁর পোস্টে লেখেন, “আজকের দিনটা আমার জন্য সহজ নয়। পিঠের ক্রমাগত সমস্যার কারণে আমি আর সর্বোচ্চ পর্যায়ে লড়াই করার অবস্থায় নেই। শরীর আর টানতে পারছে না। যে দিন প্রথম র‍্যাকেট হাতে তুলে নিয়েছিলাম, সেদিন থেকেই স্বপ্ন ছিল বিশ্বের এক নম্বর হওয়ার। ব্যাডমিন্টন আমার কাছে কেবল ক্যারিয়ার ছিল না, এটা ছিল আমার জীবন।”

রেকর্ড ও সাফল্যের খতিয়ান
২০১০ সালে জুনিয়র বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আত্মপ্রকাশ করার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই ৬ ফুট ৪ ইঞ্চির তারকাকে। ২০১৬ রিও অলিম্পিকে ব্রোঞ্জ দিয়ে শুরু, এরপর ২০২১ টোকিও এবং ২০২৪ প্যারিস অলিম্পিকে সোনা জিতে ইতিহাস গড়েন তিনি। ইউরোপের প্রথম শাটলার হিসেবে অলিম্পিক সোনা ধরে রাখার অনন্য রেকর্ড এখন তাঁর ঝুলিতে। এছাড়া ২০১৭ এবং ২০২২ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাবও জিতেছেন তিনি।

র‍্যাঙ্কিংয়ে দাপট
বিশ্ব ব্যাডমিন্টনের সিংহাসনে ১৮৩ সপ্তাহ টানা শীর্ষস্থান ধরে রেখেছিলেন অ্যাক্সেলসেন। মালয়েশিয়ার লি চং ওয়েই এবং চীনের লিন ড্যানের পর তিনিই সবচেয়ে বেশি সময় রাজত্ব করেছেন। উল্লেখ্য, ২০২৪ প্যারিস অলিম্পিকের সেমিফাইনালে ভারতের লক্ষ্য সেনকে হারিয়ে তাঁর স্বপ্নভঙ্গ করেছিলেন এই অ্যাক্সেলসেনই। চোটের কারণে সময়ের আগে তাঁর এই প্রস্থান ব্যাডমিন্টন বিশ্বের জন্য এক অপূরণীয় ক্ষতি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy