আইপিএল ২০২৬-এর উত্তাপ ছাপিয়ে এবার শিরোনামে মাঠের বাইরের বিতর্ক। বর্ণবিদ্বেষী মন্তব্য করে এবার বড়সড় সংকটের মুখে ভারতীয় জাতীয় দলের পেসার এবং পঞ্জাব কিংসের তারকা বোলার আর্শদীপ সিং। জাতীয় দলের সতীর্থ তিলক বর্মাকে উদ্দেশ্য করে একটি স্নাপচ্যাট ভিডিওতে অত্যন্ত আপত্তিজনক মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বিষয়টি এতটাই গুরুত্ব পেয়েছে যে, আর্শদীপকে চলতি আইপিএল থেকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন প্রাক্তন ক্রিকেটাররা।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের দিন। আর্শদীপের একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, তিনি মুম্বইয়ের ব্যাটার তিলক বর্মার গায়ের রঙ নিয়ে বিদ্রূপ করছেন। আর্শদীপকে বলতে শোনা যায়, “ওরে অন্ধকার (আঁধার), সানস্ক্রিন লাগিয়েছিস?” ভিডিওতে তিলকের মুখের অভিব্যক্তিতে স্পষ্ট ছিল যে তিনি এই ‘মজা’ একেবারেই উপভোগ করেননি। নেটিজেনদের একাংশের মতে, বন্ধুত্বের খাতিরে ইয়ার্কি করা এক জিনিস, কিন্তু গায়ের রঙ নিয়ে আক্রমণ করা স্পষ্টতই বর্ণবিদ্বেষ।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রাক্তন ভারতীয় স্পিনার লক্ষ্মণ শিবরামাকৃষ্ণাণ। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, “আর্শদীপকে চলতি মরশুমের জন্য সরাসরি ব্যান করা উচিত। তিলক এখন কেরিয়ারের শুরুতে আছে বলে মুখ খুলবে না, কিন্তু বিসিসিআই-এর কাছে প্রমাণ আছে ব্যবস্থা নেওয়ার জন্য।” এই বিতর্ক এমন এক সময়ে সামনে এল, যখন ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) কড়া নিরাপত্তার খাতিরে ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং আচরণের ওপর একগুচ্ছ নতুন বিধিনিষেধ আরোপ করেছে।
উল্লেখ্য, আর্শদীপ সিংকে নিয়ে বিতর্ক এই প্রথম নয়। চলতি মাসের শুরুর দিকে তাঁর একটি ভ্লগিং ভিডিওতে যুজবেন্দ্র চাহালকে ‘ভেপিং’ বা ধূমপান করতে দেখা গিয়েছিল, যা নিয়ে বোর্ড তীব্র অসন্তোষ প্রকাশ করে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বর্ণবিদ্বেষী মন্তব্য আর্শদীপের কেরিয়ারে বড় ধাক্কা হতে পারে বলে মনে করা হচ্ছে। মাঠের লড়াইয়েও সময়টা ভালো যাচ্ছে না আর্শদীপের। এই ম্যাচেই তিলক বর্মার বিধ্বংসী ৩৩ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংসে ভর করে পঞ্জাবকে হারায় মুম্বই। টানা পাঁচ ম্যাচ হেরে শ্রেয়স আইয়ারের দলের প্লে-অফের স্বপ্ন এখন খাদের কিনারায়। এখন দেখার, বোর্ড শৃঙ্খলারক্ষার দায়ে আর্শদীপের বিরুদ্ধে ঠিক কী ব্যবস্থা নেয়।





