ডুরান্ড কাপের শুরুতেই মহারণ! প্রথম দিনেই কলকাতা ডার্বিতে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল

ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৫ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারতের অন্যতম ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট—‘ডুরান্ড কাপ ২০২৬’। এবারের ডুরান্ড কাপে উত্তেজনার পারদ তুঙ্গে, কারণ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি।
এবারের প্রতিযোগিতায় মোট ২৪টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘গ্রুপ এ’-তে জায়গা পেয়েছে কলকাতার দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গল। তাদের সাথে এই গ্রুপে রয়েছে সিআইএসএফ প্রোটেক্টরস এবং সাউথ ইউনাইটেড ফুটবল ক্লাব। টুর্নামেন্টটি ভারতজুড়ে পাঁচটি শহরে আয়োজিত হবে—কলকাতা, রাঁচি, ইম্ফল, গুয়াহাটি এবং শিলং। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন এবং কিশোর ভারতী ক্রীড়াঙ্গন হবে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর কেন্দ্রবিন্দু। বিশেষ উল্লেখ্য যে, এই বছর রাঁচি প্রথমবারের মতো ডুরান্ড কাপের ম্যাচ আয়োজক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে।
মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ম্যাচের সূচি:
২৫ জুলাই (শনিবার): মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল, যুবভারতী ক্রীড়াঙ্গন (বিকেল ৫টা)।
৩১ জুলাই (শুক্রবার): ইস্টবেঙ্গল বনাম সিআইএসএফ প্রোটেক্টরস, কিশোর ভারতী ক্রীড়াঙ্গন (সন্ধ্যা ৭:৩০)।
৪ অগাস্ট (মঙ্গলবার): মোহনবাগান বনাম সাউথ ইউনাইটেড এফসি, যুবভারতী ক্রীড়াঙ্গন (সন্ধ্যা ৭টা)।
৭ অগাস্ট (শুক্রবার): ইস্টবেঙ্গল বনাম সাউথ ইউনাইটেড এফসি, যুবভারতী ক্রীড়াঙ্গন (সন্ধ্যা ৭টা)।
১০ অগাস্ট (সোমবার): মোহনবাগান বনাম সিআইএসএফ প্রোটেক্টরস, কিশোর ভারতী ক্রীড়াঙ্গন (বিকেল ৪টে)।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি আগামী ২৩ অগাস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনেই অনুষ্ঠিত হবে। কলকাতার আরেকটি ঐতিহ্যবাহী ক্লাব মহামেডান স্পোর্টিং রয়েছে ‘গ্রুপ বি’-তে এবং গতবারের চ্যাম্পিয়ন দল নর্থইস্ট ইউনাইটেড রয়েছে ‘গ্রুপ এফ’-এ। কলকাতা ডার্বি দিয়ে টুর্নামেন্ট শুরু হওয়ার খবরে স্বভাবতই সমর্থকদের মধ্যে উন্মাদনা চরমে পৌঁছেছে। এখন দেখার বিষয়, ডুরান্ডের এই নতুন মরশুমে কোন দল শেষ হাসি হাসে।