আইপিএলের ১৯ বছরে যা কেউ পারেনি, এক ওভারেই সেই ইতিহাস গড়লেন সানরাইজার্সের এই ‘অচেনা’ বোলার!

আইপিএলে রাজস্থান রয়্যালসের বিজয় রথ থামিয়ে দিলেন এক আনকোরা পেসার—প্রফুল হিঙ্গে। সোমবার জয়দেব উনাদকাটের পরিবর্তে সানরাইজার্স হায়দরাবাদ জার্সিতে অভিষেক হওয়া এই তরুণ বোলার কার্যত রাজস্থানের অজেয় তকমা মুছে দিলেন। প্রথম চার ম্যাচে টানা জয়ের পর রয়্যালসরা ঘুণাক্ষরেও ভাবেনি যে এমন এক বোলারের কাছে তাদের হার মানতে হবে, যাঁকে নিয়ে হোমওয়ার্ক করার সুযোগই ছিল না সঞ্জু স্যামসনদের।

ম্যাচের প্রথম ওভারেই বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল ও লুয়ান ড্রে প্রিটোরিয়াসকে শূন্য রানে ফিরিয়ে আইপিএলের ১৯ বছরের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন হিঙ্গে। তিনি প্রথম পেসার যিনি ইনিংসের প্রথম ওভারেই তিনটি উইকেট তুলে নিলেন। ৩৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরাও হয়েছেন তিনি।

নাগপুরের ছেলে প্রফুল হিঙ্গেকে ২০২৬ মিনি নিলামে মাত্র ৩০ লক্ষ টাকায় দলে নেয় হায়দরাবাদ। বিদর্ভের হয়ে রঞ্জি ট্রফিতে নিয়মিত খেলা এই পেসারের ঝুলিতে ১১ ম্যাচে ১৬টি উইকেট ছিল। ১৪০ কিমি গতিতে টানা বোলিং করতে সক্ষম হিঙ্গে ম্যাচ শেষে জানান, “আমি মনে মনে লিখে রেখেছিলাম যে অভিষেকেই ৪-৫ উইকেট নেব। পাওয়ার-প্লে’তে আধিপত্য বিস্তার করাই ছিল আমার মূল লক্ষ্য।” নিজের এই সাফল্যকে পরিবারের প্রতি উৎসর্গ করেছেন ক্রিকেটের নতুন এই চমক।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy