ক্রিকেটের প্রতি তাঁর বিশেষ টান ছিল না কোনোদিনই। কিন্তু একজন মানুষ সব বদলে দিয়েছেন। তিনি— বিরাট কোহলি। বিশ্ব টেনিসের সম্রাট নোভাক জকোভিচ সোমবার লন্ডনে মর্যাদাপূর্ণ লরিয়াস অ্যাওয়ার্ডের মঞ্চে দাঁড়িয়ে খোলাখুলি স্বীকার করলেন, ‘কিং’ কোহলির জন্যই তিনি এখন ক্রিকেট দেখা শুরু করেছেন। শুধু তাই নয়, আসন্ন ভারত সফরে বিরাটের সঙ্গে ক্রিকেট ও টেনিস— দুই খেলাতেই মেতে ওঠার ইচ্ছা প্রকাশ করেছেন সার্বিয়ান এই কিংবদন্তি।
লরিয়াস অ্যাওয়ার্ডের মঞ্চে এবার সঞ্চালকের ভূমিকায় ছিলেন জকোভিচ। অনুষ্ঠান শুরুর আগে এক সাক্ষাৎকারে ভারতের প্রতি নিজের গভীর অনুরাগের কথা জানান তিনি। জকোভিচ বলেন, “বছরের পর বছর ধরে ভারতীয় অনুরাগীদের কাছ থেকে আমি যে ভালোবাসা ও সম্মান পেয়েছি, তা অতুলনীয়। আমি খুব শীঘ্রই ভারতে যেতে চাই। গত দু-তিন বছর ধরে চেষ্টা করছি সেখানে গিয়ে কোনো ইভেন্ট বা ম্যাচ খেলার। ভারতের মানুষ আমার হৃদয়ের খুব কাছের।”
বিরাট-জকোভিচ বন্ধুত্ব:
সার্বিয়ার মতো দেশে ক্রিকেট জনপ্রিয় না হলেও, জকোভিচ এখন ক্রিকেটের খবরাখবর রাখেন শুধুমাত্র বিরাটের কারণে। বন্ধু কোহলি প্রসঙ্গে ‘জোকার’ বলেন, “বিরাট আমার বন্ধুসম, যাঁকে আমি ভীষণ শ্রদ্ধা করি। ওর জন্যই আমি ক্রিকেট দেখা শুরু করেছি। আগে আমি এই খেলা সেভাবে বুঝতাম না বা দেখতাম না, কিন্তু এখন দেখি। আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগও রয়েছে।”
একসঙ্গে ক্রিকেট ও টেনিস:
ভারত সফরের পরিকল্পনা নিয়ে জকোভিচ এক মজার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, “আশা করছি যখন আমি ভারতে আসব, বিরাটের সঙ্গে দেখা হবে। আমরা একসঙ্গে খানিকটা টেনিস আর খানিকটা ক্রিকেট খেলতে পারব। সেটা দারুণ মজার হবে এবং খেলাধুলার মাধ্যমে আমরা ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে পারব।”
উল্লেখ্য, ২০২৬ লরিয়াস অ্যাওয়ার্ডে টেনিস তারকাদেরই দাপট দেখা গিয়েছে। বছরের সেরা পুরুষ ক্রীড়াবিদ হিসেবে কার্লোস আলকারাজ এবং সেরা মহিলা ক্রীড়াবিদ হিসেবে আরিনা সাবালেঙ্কা সম্মানিত হয়েছেন। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছিল জকোভিচের এই কোহলি-বন্দনা।





