মমতার ইস্তফায় ‘না’, জয়ী বিধায়কদের তালিকা হাতে রাজ্যপালের দ্বারে CEO

বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে যখন রাজনৈতিক পারদ তুঙ্গে, ঠিক তখনই নতুন মোড় নিল রাজভবনের তৎপরতা। বুধবার সকালেই লোকভবনে গিয়ে রাজ্যপাল আর. এন. রবির সঙ্গে দেখা করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল। হাতে ২৯৩টি আসনের জয়ী বিধায়কদের নামের তালিকা সম্বলিত গেজেট নোটিফিকেশন।

ইস্তফা দিতে নারাজ মমতা, কী বলছে কমিশন? রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ফলতার পুনর্নির্বাচন বাদে ২৯৩টি কেন্দ্রের ফল প্রকাশ হয়ে গিয়েছে। ২০৭টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। কিন্তু ক্ষমতা হাতছাড়া হওয়ার পরেও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিতে রাজি নন বলে খবর। এই টানাপোড়েন প্রসঙ্গে CEO মনোজ আগরওয়ালকে প্রশ্ন করা হলে তিনি সাফ জানান, “এর সঙ্গে নির্বাচন কমিশনের কোনো সম্পর্ক নেই। এটি মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং রাষ্ট্রপতির অভ্যন্তরীণ বিষয়। আমাদের কাজ জয়ী বিধায়কদের তালিকা জমা দেওয়া পর্যন্তই ছিল, যা আমরা করেছি।”

শনিবারই কি শপথ? নতুন সরকারের প্রস্তুতি তুঙ্গে বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামিকাল, ৭ মে। বিজেপি শিবিরের দাবি অনুযায়ী, আগামী ৯ মে শনিবার রাজ্যে নতুন সরকার শপথ নিতে চলেছে। তবে বর্তমান মুখ্যমন্ত্রী ইস্তফা না দিলে ৭ থেকে ৯ তারিখ পর্যন্ত রাজ্য শাসনের রাশ কার হাতে থাকবে, তা নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এদিন মুখ্যসচিবের সঙ্গেও বৈঠক করেছেন রাজ্যপাল আর. এন. রবি।

কমিশনের কাজ শেষ, বল এখন রাজভবনের কোর্টে রাজ্যপালের হাতে গেজেট নোটিফিকেশন তুলে দেওয়ার পর মনোজ আগরওয়াল সাংবাদিকদের বলেন, “নির্বাচন কমিশনের কাজ আপাতত এখানেই শেষ। এবার নতুন বিধানসভা গঠন এবং পরবর্তী আইনি পদক্ষেপের সব দায়িত্ব লোকভবনের।” অর্থাৎ, নিয়ম মেনে এবার রাজ্যপালই পরবর্তী সরকার গঠনের ডাক দেবেন।

বিজেপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হলেও এখনও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেনি। তার আগেই মমতার ইস্তফা নিয়ে এই অনড় অবস্থান বাংলার রাজনীতিতে নতুন কোনো সাংবিধানিক সংকটের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy