পুণের রাস্তায় ‘বাইবেল’ বিলি! পর্যটক ভিসায় এসে ধর্মপ্রচার, ৩ মার্কিন নাগরিককে ঘাড়ধাক্কা পুলিশের

বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুণে শহরে তিন মার্কিন নাগরিকের কীর্তিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পর্যটক ভিসায় ভারতে এসে ধর্মীয় প্রচার চালানোর অভিযোগে ৫৩, ৬৫ এবং ৬৬ বছর বয়সী তিন আমেরিকান নাগরিককে আটক করেছে পুণে পুলিশ। ভারতের কঠোর ভিসা আইন লঙ্ঘনের অপরাধে তাঁদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়ে ‘লিভ ইন্ডিয়া’ নোটিশ জারি করা হয়েছে। আগামী ১০ মে-র মধ্যে তাঁদের ভারত ত্যাগের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত ১৯ থেকে ২১ এপ্রিলের মধ্যে এই তিন বিদেশি নাগরিক পর্যটক ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেন। গত ২৭ এপ্রিল সকালে পুণের পেঠ ও সদাশিব পেঠ এলাকায় তাঁরা সাধারণ মানুষের মধ্যে বাইবেল-সংক্রান্ত ধর্মীয় পুস্তিকা বিলি করছিলেন। ইংরেজি, হিন্দি এবং মারাঠি ভাষায় ছাপা ওই পুস্তিকাগুলিতে বিশ্বের বিভেদ নিয়ে প্রশ্ন তুলে খ্রিষ্টধর্মের বার্তা প্রচার করা হচ্ছিল। এমনকি তাঁরা স্থানীয় এক ট্যাক্সি চালককে খ্রিষ্টধর্মের প্রতি প্রভাবিত করার চেষ্টা করেন বলে অভিযোগ। ওই ট্যাক্সি চালক সতর্ক হয়ে তৎক্ষণাৎ পুলিশে খবর দিলে তদন্ত শুরু হয়।

পুণে পুলিশের ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসার (এফআরও) সন্দীপ ভাজিভাকারে-র নেতৃত্বে এই অভিযানের পর ওই বিদেশিদের ব্যাগ থেকে বিপুল পরিমাণ ধর্মীয় সামগ্রী উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী, পর্যটক ভিসায় এসে কোনও বিদেশি নাগরিক ভারতে ধর্মপ্রচার বা ধর্মান্তকরণের চেষ্টা করতে পারেন না। এই অপরাধে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনায় স্থানীয় কোনও সংগঠন জড়িত কি না, তাও খতিয়ে দেখছে প্রশাসন। এই কঠোর পদক্ষেপকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানিয়েছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy