বাইরে চড়া রোদ আর অসহ্য গরম। এই আবহে দুপুরবেলা তেল-ঝাল মশলাদার মাছ বা মাংস খেতে কারোরই আর রুচি হচ্ছে না। কিন্তু পেট তো ভরাতে হবে! এই গরমের দিনে হালকা অথচ দারুণ সুস্বাদু কোনো নিরামিষ পদের খোঁজ করলে আজই ট্রাই করতে পারেন ‘দুধ-মৌরি পটল’। মৌরির সুগন্ধ আর দুধের ক্রিমি টেক্সচার পটলকে দেবে এক আভিজাত্যের ছোঁয়া। সবচেয়ে বড় কথা, এটি তৈরি করতে সময় লাগে মাত্র ১৫ মিনিট।
উপকরণ: পটল (৫০০ গ্রাম), দুধ (১ কাপ), মৌরি (১ চামচ), আদা বাটা (১ চামচ), কাঁচা লঙ্কা (২-৩টি), হলুদ গুঁড়ো (সামান্য), নুন-চিনি (স্বাদমতো), তেজপাতা (১টি), গোটা গরম মশলা, ঘি (১ চামচ) এবং সাদা তেল।
প্রস্তুত প্রণালী: প্রথমে পটলের খোসা হালকা করে চেঁচে নিয়ে লম্বালম্বি দুই ফালি করে নুন-হলুদ মাখিয়ে রাখুন। এরপর কড়াইতে তেল গরম করে পটলগুলো হালকা সোনালি করে ভেজে তুলে নিন। মনে রাখবেন, পটল বেশি কড়া ভাজবেন না। ওই তেলেই তেজপাতা, গোটা গরম মশলা এবং মৌরি ফোড়ন দিন। মৌরির মিষ্টি গন্ধ বেরোলে আদা বাটা দিয়ে কষিয়ে নিন। এবার কাঁচা গন্ধ চলে গেলে এক কাপ দুধ ঢেলে দিন। দুধ ফুটে উঠলে ভাজা পটল, চেরা কাঁচা লঙ্কা আর সামান্য চিনি দিন। আঁচ কমিয়ে ৫-৬ মিনিট ঢাকা দিয়ে রান্না করুন। গ্রেভি ঘন হয়ে এলে উপর থেকে এক চামচ ঘি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন।
মৌরি আর ঘিয়ের গন্ধে ভরপুর এই দুধ-মৌরি পটল গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে জাস্ট জমে যাবে। গ্রেভি আরও রিচ করতে চাইলে নামানোর আগে অল্প কাজু বাটা মিশিয়ে দিতে পারেন।





