৯৩% ভোটদান! ৪ জুনের আগে শ্যামপুরবাসীর জন্য বিশেষ বার্তা দিলেন হিরণ, জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী?

এবারের বিধানসভা নির্বাচনে অন্যতম চর্চিত কেন্দ্র ছিল হাওড়ার শ্যামপুর। তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে ঘিরে প্রথম থেকেই ছিল জল্পনা। একদিকে দ্বিতীয় বিয়ে সংক্রান্ত বিতর্ক, অন্যদিকে টিকিট পাওয়া নিয়ে টানাপোড়েন—সব কাটিয়েই ময়দানে নেমেছিলেন এই অভিনেতা-বিধায়ক। লাগাতার ৪১ দিনের ম্যারাথন প্রচার শেষে এবার ভোটার ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন বার্তা দিলেন হিরণ।

ভোটের রেশ কাটতে না কাটতেই নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে হিরণ বলেন, “গত একচল্লিশ দিনের অক্লান্ত পরিশ্রমে গ্রামে গ্রামে, রাস্তা রাস্তায়, পাড়ায় পাড়ায় ঘুরে আপনাদের সকলের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি। তবুও অনেকের সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়নি—তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।” অভিনেতার এই বিনয়ী মেজাজ নজর কেড়েছে রাজনৈতিক মহলে। প্রচণ্ড দাবদাহের মধ্যে যেভাবে বিজেপি কর্মীরা কাজ করেছেন, তারও প্রশংসা শোনা যায় তাঁর গলায়। তিনি মনে করেন, গতকাল সকালের বৃষ্টি ছিল ঈশ্বরের অসীম কৃপা, যা ভোটারদের স্বাচ্ছন্দ্যে বুথে পৌঁছাতে সাহায্য করেছে।

হিরণ আরও যোগ করেন, “সন্ধ্যার পর আবার বৃষ্টি নেমেছিল, তবুও আমাদের কর্মীরা ভিজতে ভিজতেই ইভিএম মেশিনের নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করে গেছেন। তাঁদের এই নিষ্ঠা ও পরিশ্রম সত্যিই প্রশংসনীয়।” তবে এই দীর্ঘ লড়াইয়ের মাঝে রাজনীতির ঊর্ধ্বে এক নিষ্পাপ শিশুর সঙ্গে কাটানো মুহূর্তকে নিজের জীবনের শ্রেষ্ঠ স্মৃতি হিসেবে বর্ণনা করেছেন তিনি। শ্যামপুরে এবার রেকর্ড ৯৩ শতাংশ ভোটদান হয়েছে, যা বিজেপি প্রার্থীর আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ৪ জুন ফলাফল যাই হোক না কেন, শ্যামপুরের মানুষের পরামর্শ নিয়ে নতুনভাবে অঞ্চলটি গড়ে তোলার অঙ্গীকার করেছেন হিরণ।