দেশের কোটি কোটি চাকরিজীবীদের জন্য সুখবর নিয়ে এল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও (EPFO)। প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলা বা বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট ফের চালু করার ক্ষেত্রে এবার আর হয়রানি নয়, বরং এক ক্লিকেই মিটবে সমস্ত সমস্যা। বুধবার কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মাণ্ডব্য একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ই-প্রাপ্তি’ (E-PRAAPTI) লঞ্চ করার ঘোষণা দিয়েছেন। আধার ভিত্তিক এই পোর্টালটি সাধারণ মানুষের সুবিধার্থে এমনভাবে তৈরি করা হয়েছে যে, পিএফ-এর কাজের জন্য কর্মীদের আর তাঁদের সংস্থার বা মালিকপক্ষের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না।
দীর্ঘদিন ধরে অনেক চাকরিজীবীরই অভিযোগ ছিল যে, পুরনো কর্মস্থল ছেড়ে দেওয়ার পর তাঁদের পিএফ অ্যাকাউন্টগুলি নিষ্ক্রিয় (Dormant) হয়ে পড়ে আছে। অনেক ক্ষেত্রে সেই টাকা উদ্ধার করা বা অ্যাকাউন্ট ফের সক্রিয় করা ছিল অত্যন্ত জটিল প্রক্রিয়া। সেই সমস্যা মেটাতেই ‘ই-প্রাপ্তি’ বা ‘EPF Aadhaar-Based Access Portal for Tracking Inoperative Accounts’ আনা হচ্ছে। এই পোর্টালে আধার ভিত্তিক অথেন্টিকেশন বা আধার কার্ডের তথ্যের মাধ্যমে গ্রাহকরা নিজেরাই তাঁদের প্রোফাইল আপডেট করতে পারবেন। এমনকি ইউএএন (UAN) সিডিং করার মতো কাজও এখন থেকে ঘরে বসেই করা যাবে।
কেন্দ্রীয় মন্ত্রীর মতে, প্রাথমিকভাবে এই সিস্টেমটি মেম্বার আইডি ভিত্তিক হলেও পরবর্তীকালে প্রক্রিয়াটি আরও সহজতর করা হবে। এর ফলে কয়েক বছর ধরে পড়ে থাকা আন-ক্লেমড প্রভিডেন্ট ফান্ডের টাকা সহজেই নিজেদের অ্যাকাউন্টে ফিরিয়ে আনতে পারবেন উপভোক্তারা। ইপিএফও-র পরিসংখ্যান বলছে, ২০২৫-২৬ অর্থবর্ষে রেকর্ড ৮৩.১ মিলিয়ন আবেদনের নিষ্পত্তি করা হয়েছে, যেখানে আগের বছর এই সংখ্যা ছিল ৬০.১ মিলিয়ন। এর মধ্যে সিংহভাগই ছিল অগ্রিম টাকা তোলা বা আংশিক উত্তোলনের আবেদন। মাত্র তিন দিনের মধ্যেই এই বিশাল সংখ্যক আবেদনের নিষ্পত্তি করে নজির গড়েছে সরকার। এবার নতুন পোর্টাল চালু হলে এই গতি আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে।





