তফশিলি ভোটে পাখির চোখ অভিষেকের! ছাব্বিশের লড়াইয়ে বড় চাল তৃণমূলের

রাজ্য রাজনীতিতে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ যখন তুঙ্গে, ঠিক তখনই তফশিলি ও জনজাতি ভোটব্যাঙ্ক পুনরুদ্ধারে কোমর বেঁধে নামল তৃণমূল কংগ্রেস। সোমবার নজরুল মঞ্চে তফশিলি জাতি ও উপজাতি নেতাদের নিয়ে এক মেগা বৈঠকে বসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের রণকৌশল স্থির করতে এই বৈঠকে থাকছেন ভোট কুশলী সংস্থা আইপ্যাক-এর কর্ণধার প্রতীক জৈনও। সাড়ে তিন হাজার বিধায়ক ও সংগঠকের উপস্থিতিতে এই ‘তফশিলি সংলাপ’ থেকেই আগামীর রূপরেখা তৈরি হবে।

তৃণমূল সূত্রের খবর, রাজ্যের ১০০টিরও বেশি বিধানসভা আসনে তফশিলি জাতি ও উপজাতির বড় প্রভাব রয়েছে। বিশেষ করে নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির মতো জেলাগুলিতে জনভিত্তি আরও মজবুত করতে চাইছে ঘাসফুল শিবির। সবথেকে সংবেদনশীল ইস্যু হয়ে দাঁড়িয়েছে মতুয়া গড়। সাংসদ মমতাবালা ঠাকুরের দাবি, নতুন তালিকায় বহু জায়গায় ৯০ শতাংশ মতুয়ার নাম বাদ গিয়েছে। এই ক্ষোভকে হাতিয়ার করেই জনসংযোগে নামছে দল।

বৈঠক শেষে বিশেষ প্রচার গাড়িতে চেপে তফশিলি অধ্যুষিত এলাকায় পৌঁছে যাবেন জনপ্রতিনিধিরা। মানুষের অভাব-অভিযোগ শুনতে শুরু হবে ‘দুয়ারে দুয়ারে’ জনসংযোগ। গত নির্বাচনে প্রাপ্ত ৪৫-৪৬ শতাংশ ভোটের হার আরও বাড়িয়ে জয়ের ব্যবধান নিশ্চিত করাই এখন অভিষেকের প্রধান লক্ষ্য।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy