“TMC-র বিদায়ঘণ্টা বেজেছে!”-নন্দীগ্রাম থেকে পুরভোট, বিজেপিই জিতবে—দাবি শুভেন্দুর

আসন্ন নন্দীগ্রাম উপনির্বাচন এবং জেলার পুরভোটকে সামনে রেখে বিরোধীদের ওপর আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার পূর্ব মেদিনীপুরে এক সাংগঠনিক সভার পর তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আসন্ন নির্বাচনে জয়ের ব্যবধান আগের তুলনায় কয়েক গুণ বাড়িয়ে নিতে প্রস্তুত বিজেপি।

নির্বাচনী জয়ের আত্মবিশ্বাস:

নন্দীগ্রামের জয়ের গাণিতিক হিসেব তুলে ধরে শুভেন্দু বলেন, “আমি গতবার ৯৭০০ ভোটে জিতেছিলাম। তার আগেরবার জিতেছিলাম ১৯৫৬ ভোটে। অর্থাৎ জয়ের ব্যবধান পাঁচগুণ বেড়েছে। এবারও জয়ের মার্জিন আগের থেকে পাঁচগুণ বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছি।” একইসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার পুরভোট প্রসঙ্গে তাঁর দাবি, বিজেপির ভোট শেয়ারের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। তিনি জানান, ২০১৯ সালে ৩৭ শতাংশ থেকে বেড়ে ২০২৪ সালে ৪৯ শতাংশে দাঁড়িয়েছে বিজেপির ভোট। আসন্ন পুরভোটে এই হার ৭০ শতাংশে পৌঁছাবে বলে আত্মবিশ্বাসী শুভেন্দু।

তৃণমূলকে কড়া আক্রমণ:

বিরোধীদের কোণঠাসা করে মুখ্যমন্ত্রী বলেন, “তৃণমূল কংগ্রেস মূলত পুলিশ এবং আইপ্যাক (I-PAC)-এর ওপর ভর করে টিকে ছিল। এখন সেই ভরসার জায়গা আর নেই। পুলিশ তাদের সঙ্গে নেই এবং আইপ্যাক ভোটের আগেই পাততাড়ি গুটিয়েছে। তাই আসন্ন নির্বাচনে তৃণমূলের অবস্থা শোচনীয়।”

১৬ অগাস্ট নিয়ে বড় ঘোষণা: রাজনৈতিক বিতর্কের পাশাপাশি ১৬ অগাস্টের কর্মসূচি নিয়েও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “তৃণমূল এতদিন এই দিনটিকে ‘খেলা হবে দিবস’ হিসেবে পালন করত। কিন্তু কলকাতার ইতিহাসে এই দিনটি একটি ভয়াভয় দিন। তাই এখন থেকে এই দিনটি ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে পালিত হবে।”