দেশের সবথেকে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র আধার কার্ড নিয়ে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে আধার কর্তৃপক্ষ UIDAI। আপনি কি জানেন, আপনার আধার কার্ডে থাকা নাম, ঠিকানা বা জন্মতারিখের মতো তথ্যগুলোই অপরাধীদের জালিয়াতির হাতিয়ার হয়ে উঠছে? এই বিপদ রুখতেই এবার আধার কার্ডের ভোল বদলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অদূর ভবিষ্যতে আধার কার্ডে আর আপনার ব্যক্তিগত তথ্য ছাপানো অবস্থায় থাকবে না।
কেন এই আমূল পরিবর্তন?
বর্তমানে একটি আধার কার্ডে ব্যক্তির নাম, বাবার নাম, ছবি, লিঙ্গ, ঠিকানা এবং জন্মতারিখ— সবকিছুই স্পষ্ট লেখা থাকে। সাইবার বিশেষজ্ঞদের মতে, কোনো অসাধু ব্যক্তি যদি আপনার আধার কার্ডের একটি ফটোকপি বা জেরক্স পেয়ে যায়, তবে সেই তথ্য ব্যবহার করে সহজেই বড় ধরনের আর্থিক জালিয়াতি বা অবৈধ কাজ করা সম্ভব। জনগণের তথ্যের সুরক্ষা সুনিশ্চিত করতেই প্রিন্টেড কার্ড থেকে তথ্য সরিয়ে নেওয়ার কথা ভাবছে UIDAI।
নতুন আধার কার্ডে কী থাকবে?
‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি রিপোর্ট অনুযায়ী, প্রস্তাবিত নতুন আধার কার্ডে শুধুমাত্র কার্ডধারীর ছবি থাকবে। তথ্যের বদলে সেখানে দেওয়া থাকবে একটি বিশেষ কিউআর কোড (QR Code)। আপনার নাম বা ঠিকানার মতো গোপন তথ্যগুলো ওই কোডের ভেতরেই লুকানো থাকবে। কোনো অনুমোদিত সংস্থা যখন সেই কোডটি স্ক্যান করবে, তখনই কেবল আপনার তথ্য দেখা যাবে। এতে সাধারণ চোখে আপনার ব্যক্তিগত তথ্য অন্যের হাতে যাওয়ার সুযোগ থাকবে না।
ডিসেম্বরেই কি আসছে বড় আপডেট?
শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বর মাস থেকেই আধার কার্ডের এই নতুন ফরম্যাট চালুর বিষয়ে বড় কোনো ঘোষণা আসতে পারে। যদিও UIDAI কর্তৃপক্ষ এখনও এই বিষয়ে সরকারিভাবে সিলমোহর দেয়নি, তবে জালিয়াতি রুখতে বায়োমেট্রিক লকিং এবং ডিজিটাল নিরাপত্তার ওপর তারা যে জোর দিচ্ছে, তা স্পষ্ট।
নিরাপত্তায় নতুন ‘আধার অ্যাপ’
ইতিমধ্যেই UIDAI তাদের অফিশিয়াল আধার অ্যাপের পূর্ণাঙ্গ সংস্করণ (Full Version) অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মে লঞ্চ করেছে। এই অ্যাপের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, আপনি চাইলে আপনার কিছু তথ্য গোপন রেখে আধারের পিডিএফ বা ইমেজ ফরম্যাট অন্যদের সঙ্গে শেয়ার করতে পারেন। অর্থাৎ, ডিজিটাল মাধ্যমেই এখন তথ্য লুকিয়ে রাখার সুবিধা দিচ্ছে কর্তৃপক্ষ।
মনে রাখা জরুরি: আধার কার্ড একটি সচিত্র পরিচয়পত্র মাত্র, এটি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়। ১২ সংখ্যার এই অনন্য পরিচয়পত্রের মাধ্যমে সরকারি ভর্তুকি থেকে শুরু করে ব্যাঙ্কিং পরিষেবা— সবই নিয়ন্ত্রিত হয়। তাই আধার কার্ডে কোনো বড় পরিবর্তন আসার আগে নিজেকে আপডেট রাখা এবং বায়োমেট্রিক্স লক করে রাখা অত্যন্ত জরুরি।





