আসন্ন নির্বাচনের মুখে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। ‘যুবসাথী’ প্রকল্পের মাধ্যমে আগামী ১ এপ্রিল থেকেই যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসিক ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান শুরু হতে চলেছে। তবে বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় বর্তমানে নিজেদের আবেদনের স্থিতি বা ‘স্ট্যাটাস’ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন লক্ষ লক্ষ আবেদনকারী।
পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত প্রায় ৮৪ লক্ষ আবেদন জমা পড়েছে। এর মধ্যে ব্লক স্তরের অফলাইন শিবিরে ৬৫ লক্ষ এবং অনলাইন পোর্টালে ১৯ লক্ষ নাম নথিভুক্ত হয়েছে।
কিভাবে চেক করবেন আপনার স্ট্যাটাস?
অনলাইন আবেদনকারী: ‘বাংলা যুবসাথী’ পোর্টালে লগ-ইন করে ফোন নম্বর ও ওটিপি দিলেই দুয়ারে সরকারের ২৫ সংখ্যার রেজিস্ট্রেশন নম্বর ও বর্তমান স্থিতি দেখা যাচ্ছে।
অফলাইন আবেদনকারী: অফলাইন আবেদনকারীদের ক্ষেত্রে কিছুটা প্রযুক্তিগত সমস্যা দেখা দিচ্ছে। ওটিপি দেওয়ার পর অনেকের ক্ষেত্রেই পুনরায় ফর্ম ফিলাপের নির্দেশ আসছে, যা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে।
ভুল থাকলে কী করবেন?
যদি স্ট্যাটাসে ‘অবজেকশন’ বা ‘ডিসপুট’ দেখায়, তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই। অনলাইন এডিট অপশন চালু হলে বা নিকটবর্তী ব্লক অফিসে (BDO/SDO) যোগাযোগ করে এই ভুল সংশোধন করা সম্ভব। উল্লেখ্য, ২১ থেকে ৪০ বছর বয়সী বেকারদের স্বনির্ভর করতেই অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন।





