দক্ষিণী রাজনীতির সমীকরণ কি এবার এক সুপারস্টারের হাতেই আটকে রয়েছে? তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল সামনে আসতেই এই প্রশ্ন এখন তুঙ্গে। প্রাথমিক ইঙ্গিত অনুযায়ী, তামিলনাড়ু ভেট্রি কাঝাগম (TVK) প্রধান তথা সুপারস্টার বিজয় এবার ‘কিংমেকার’ হয়ে উঠতে চলেছেন। আর এই আভাস পেতেই আর দেরি না করে বিজয়ের সঙ্গে যোগাযোগ করতে মরিয়া হয়ে উঠেছে রাজ্যের প্রধান বিরোধী দল এআইএডিএমকে (AIADMK)।
বুধবার নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর বিভিন্ন বেসরকারি সংস্থার বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে, শাসক দল ডিএমকে এবং বিরোধী এআইএডিএমকে—কারোর জন্যই এককভাবে ম্যাজিক ফিগার ছোঁয়া কঠিন হতে পারে। এই ত্রিশঙ্কু পরিস্থিতির ইঙ্গিত মিলতেই কদর বেড়েছে বিজয়ের দলের। রাজনৈতিক মহলের ধারণা, সরকার গঠনে টিভিকের সমর্থনই হবে তুরুপের তাস।
কেন বিজয়ের পেছনে ছুটছে এআইএডিএমকে? সূত্রের খবর, এআইএডিএমকে নেতৃত্ব ইতিমধ্যেই বিজয়ের ঘনিষ্ঠ মহলের সঙ্গে আলোচনার রাস্তা খুঁজছে। ডিএমকে-কে ক্ষমতা থেকে দূরে রাখতে বিজয়ের সমর্থন পাওয়া তাদের জন্য অপরিহার্য। তবে বিজয় নিজে এখনও পর্যন্ত কোনো পক্ষ নেওয়ার বিষয়ে উচ্চবাচ্য করেননি। নিজের প্রথম নির্বাচনেই যেভাবে তিনি জনসমর্থন কুড়িয়েছেন, তাতে একক শক্তিতে লড়াই করার পক্ষপাতী ছিলেন থালাপতি। কিন্তু বর্তমান পরিস্থিতির চাপে সমীকরণ বদলাতে পারে বলে মনে করা হচ্ছে।
রাজনৈতিক মহলের নজর: যদি শেষ পর্যন্ত এক্সিট পোলের এই ইঙ্গিত সত্যি হয়, তবে তামিলনাড়ুর রাজনীতিতে কয়েক দশকের ডিএমকে-এআইএডিএমকে দ্বৈরথের মাঝে এক নতুন শক্তির উত্থান ঘটবে। বিজয়ের রাজনৈতিক অভিষেক কি তবে তাকে সরাসরি গদিতে বসাবে না কি অন্য কাউকে বসানোর চাবিকাঠি থাকবে তাঁর হাতে? সব উত্তর মিলবে ফল ঘোষণার দিন। তবে আপাতত বিজয়ের এক ফোনে তামিল রাজনীতির ভাগ্য নির্ধারিত হতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।





