২১ জুলাইয়ের মহাকাব্য কি তবে শেষ? ভিক্টোরিয়া হাউসের সামনে নিষিদ্ধ তৃণমূলের সমাবেশ!

২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস পালন নিয়ে তৈরি হলো চরম অনিশ্চয়তা। কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা ধর্মতলার ‘ভিক্টোরিয়া হাউস’ চত্বরে আগামী ৬০ দিন যেকোনো ধরণের মিছিল বা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের পুলিশ কমিশনার অজয় নন্দা মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন।
কী জানানো হয়েছে নির্দেশিকায়? কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ২ জুলাই থেকে ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত বউবাজার, হেয়ার স্ট্রিট এবং হেডকোয়ার্টার্স ট্রাফিক গার্ড এলাকার অধীনে কে.সি. দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এলাকায় কোনো রাজনৈতিক সভা বা জমায়েত করা যাবে না। ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা (পূর্বের ১৪৪ ধারা) অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশের দাবি, বিশ্বস্ত সূত্র মারফত খবর পাওয়া গেছে যে, ওই এলাকায় বড় ধরণের গোলমালের সম্ভাবনা রয়েছে, যা জননিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তবে বেন্টিঙ্ক স্ট্রিট এলাকাকে এই নির্দেশিকার আওতার বাইরে রাখা হয়েছে।
তৃণমূলের দুই শিবিরের আবেদন খারিজ উল্লেখ্য, গত কয়েক বছর ধরে ভিক্টোরিয়া হাউসের সামনেই ২১ জুলাইয়ের শহিদ দিবস পালন করে আসছে তৃণমূল। এবারের কর্মসূচির জন্য কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পরিচালিত অপর তৃণমূল গোষ্ঠী—উভয়ই পৃথকভাবে ওই স্থানে সভার জন্য অনুমতি চেয়েছিল। কিন্তু পুলিশের পক্ষ থেকে উভয় শিবিরের আবেদনই খারিজ করে দেওয়া হয়েছে। লালবাজারের স্পষ্ট বার্তা, ব্যস্ততম এই ট্রাফিক পয়েন্টে রাস্তা আটকে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হবে না।
তৃণমূলের অন্দরে শোরগোল পুলিশের এই সিদ্ধান্তের ফলে এখন ২১ জুলাইয়ের ভেন্যু নিয়ে বড়সড় সংকটের মুখে তৃণমূল কংগ্রেস। দলীয় নেতৃত্বের একাংশ জানিয়েছেন, গত ৩৩ বছর ধরে ওই স্থানেই শহিদ দিবস পালন করা হচ্ছে, তাই এই সিদ্ধান্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিষয়টি নিয়ে দলের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা চলছে এবং বিকল্প কোনো ভেন্যুর খোঁজে জোর তৎপরতা শুরু হয়েছে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই তৃণমূল নেতাদের মেজারিং টেপ নিয়ে সভাস্থল মাপজোকের ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে যথেষ্ট বিতর্ক হয়েছিল। সেই ঘটনার জেরেই এই নিষেধাজ্ঞা কি না, তা নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। এখন দেখার বিষয়, একুশে জুলাইয়ের এই মেগা কর্মসূচি শেষ পর্যন্ত কোথায় আয়োজিত হয়।