‘২১-এর বদলা ‘২৬-এ! শুভেন্দুর নতুন হুঙ্কার, ‘আমরাও মেসিকে আনব’, মমতাকে চ্যালেঞ্জ!

‘মেসি কাণ্ড’ বিতর্ককে কেন্দ্র করে এবার সরাসরি তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা ময়দানে লিওনেল মেসির নামে আয়োজিত একটি প্রদর্শনী ম্যাচ বাতিল হওয়া এবং সেই সংক্রান্ত সামগ্রিক অব্যবস্থা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এদিন বিস্ফোরক মন্তব্য করে শুভেন্দু অধিকারী হুঙ্কার দেন, বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে তাঁরাও মেসিকে রাজ্যে নিয়ে আসবেন।

শুভেন্দু অধিকারী বলেন, “বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গড়লে আমরাও মেসিকে আনব। ২১-এর বদলা ছাব্ব্বিশে হবে, মনে মনে সকলেই প্রস্তুত। আসল পরিবর্তন তখন হবে।” মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “মমতার পাড়ার কমিটিকে আমরা মানি না। এখানে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট।” গেরুয়া পতাকা নিয়ে আপত্তি তোলা প্রসঙ্গে তিনি প্রশ্ন করেন, “গেরুয়া পতাকায় এত আপত্তি কিসের, ওটা তো শুধু বিজেপির নয়।”

এই অব্যবস্থার জন্য মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সুজিত বসুকে দায়ী করে শুভেন্দু অধিকারী তাঁদের পদত্যাগ ও গ্রেফতারের দাবি জানান। পাশাপাশি, দর্শকদের টিকিটের অর্থ অবিলম্বে ফেরত দেওয়ারও দাবি করেছেন তিনি। তাঁর এই মন্তব্যগুলি রাজ্যের রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।